মঠবাড়িয়ায় ১৭ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ ক্যাডাররা ৫ পুলিশকে আহত করে সৌদিপ্রবাসী যুবক খোকন জমাদ্দারকে (৪০) ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় রবিবার রাতে মঠবাড়িয়া থানায় পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়। ঘটনার সময় কর্তব্যরত পুলিশ মঠবাড়িয়া থানার এসআই মো. আজিজুর রহমান ও আহত সৌদিপ্রবাসী যুবক খোকনের বোন নাজমা বেগম বাদী হয়ে এ মামলা দু’টি দায়ের করেন।
ওই পৃথক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আফজালের পুত্র ছাত্রলীগ নেতা ফাহাদ (২০), পৌর ছাত্রলীগের আহবায়ক এহসানুল হক মন্টু (২৮) ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তুষার আহমেদ মিলনসহ (২১) উভয় মামলায় ১৭জন ও অজ্ঞাতনামা ২৫জন ছাত্রলীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে ছাত্রলীগকর্মী ছগীর হোসেন (২২) ও রুবেলকে (২৪) গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করেছে।