নোয়াখালী আইনজীবী সমিতি
তিন সদস্যের মামলা প্রত্যাহারের দাবি
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০৪
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহানকে ফের গ্রেফতারের প্রতিবাদে গত ২১ মে জেলা শহর মাইজদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল চলাকালে গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপির তিন নেতা আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। সোমবার আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট বিইউএম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় পিপি এ.টি.এম মহিবউল্যা, জিপি কাজী মানছুরুল হক খসরু, সালাহ্উদ্দিন কামরান, আবদুর রহিম, শাহাদাত হোসেন, তাফছিরুল হোসেন, আজম খান, নুরুল আমিন ও গোলাম রাব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা শহরের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মোড়ে স্থানীয় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এসময় হাসপাতাল সড়কের পাশে জননী হাসপাতাল ও মাদারল্যান্ডের বাইরের কাঁচ ও অভ্যর্থনা কক্ষে ব্যাপক ভাংচুর চালায় সংঘর্ষকারীরা। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।