সেতুতে ফাটলের কারণে বন্ধ দিনাজপুর-ঢাকা যান চলাচল
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০৫
দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরের বেলডাঙ্গা এলাকায় ‘বেলান’ নদীর উপর ভুষিরবন্দর সেতুতে ফাটল দেখা দেয়ায় এর মেরামত কাজের জন্য সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা তিনদিন বলবত থাকবে বলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় সেতুটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফলে রবিবার সন্ধ্যা থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত ১৯ মে স্থানীয় এলাকাবাসী ভুষিরবন্দর সেতুতে ফাটল দেখতে পায়। এরপর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান বিষয়টি দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেন। পরে সড়ক ও জনপথ বিভাগের একটি প্রকৌশল দল শুক্রবার সেতুটি পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রকৌশলীরা ওই ব্রিজের তিনটি গার্ডারের মধ্যে দুইটি গার্ডারে ফাটল দেখতে পায়। এর মধ্যে একটির ফাটল আশংকাজনকভাবে অনেক বড়। গত শনিবার রংপুর থেকে সওজ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুল রহমান সেতুটি পুনরায় পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন বলে অভিহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ মে সড়ক ও জনপথ বিভাগ ২৬ মে সন্ধ্যা ৬টা থেকে ২৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে। এই সময়ের মধ্যে দিনাজপুর থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, এই ব্রিজটি ১৯৬২ সালে নির্মিত হয়েছিল। তারপর থেকে আর কোন সংস্কার করা হয়নি। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।