রাজশাহী সিটি নির্বাচন

দুই মেয়র প্রার্থীর টার্গেট নতুন প্রজন্মের ভোটার

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই মেয়র প্রার্থীর টার্গেট নতুন প্রজন্মের ভোটার। নতুন প্রজন্মের এই ভোটারদের কাছে টানতে উভয়জোট নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। তাদের অভিমত নতুন প্রজন্মের ভোটাররা নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিটার্নিং অফিসারের অফিস সূত্র জানায়, এবারের রাসিক নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৮৬ হাজার ৮৮৮। পুরুষ ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩৮৬ এবং নারী ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫০২। ২০০৮ সালের রাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৭৫৯। এ হিসাবে এবার নতুন ভোটার বেড়েছে ২৮ হাজার ১২৯। সামপ্রতিক সময়ে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না নতুন প্রজন্ম। ককটেল বিস্ফোরণে পুলিশের দুই হাত উড়িয়ে দেয়া, আরেক পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেতলে দেয়াসহ সারাদেশে পুলিশসহ অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ভালো চোখে দেখছে না নতুন প্রজন্ম। ফলে বিএনপির প্রার্থীর জন্য জামায়াতের সমর্থন নতুন প্রজন্মের ভোটাররা কীভাবে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়। এ ব্যাপারে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলীয় জোটের সমর্থিত মেয়র প্রার্থী, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের মুখপাত্র বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল জানান, নতুন ভোটারদের কথা মাথায় রেখেই তারা নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ করেছেন। নির্বাচনে তাদের মূল টার্গেট হবে নতুন ভোটারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া রাজশাহী শিক্ষানগরী হওয়ায় শিক্ষার্থীদের জন্যও তারা বিশেষ সুযোগ সৃষ্টি করতে চান। তবে জামায়াতের প্রতি নতুন প্রজন্মের নেতিবাচক ধারণা ভোটের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল। তিনি জানান, জামায়াত একটি রাজনৈতিক দল। তাদের দোষত্রুটি থাকইে পারে। সে জন্য দেশে আইন ও আদালত রয়েছে। অন্যদিকে নাগরিক কমিটি মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে রায় দিয়েছে। রাসিক নির্বাচন অরাজনৈতিক হলেও নতুন প্রজন্মের ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবেন। এছাড়া তরুণ প্রজন্ম আধুনিকতায় বিশ্বাসী। তথ্য প্রযুক্তিতে আস্থাবান। তাদের জন্য মেয়র থাকাকালে এএইচএম খায়রুজ্জামান লিটন পদ্মার ধারে ওয়াইফাই জোন তৈরি করেছেন। আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তিনি আবারো নির্বাচিত হলে নতুন প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তির চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে। এসব বিষয় লিটনের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাবে। যাদের নিয়ে দুই প্রধান জোটের এত কৌঁশল সেই ভোটাররাও জামায়াত-শিবিরে সামপ্রতিক কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছেন না। এ ব্যাপারে স্থানীয় সাংস্কৃতিক কর্মী কামার উল্লাহ সরকার কামা বলেন, সামপ্রতিক সময়ে জামায়াত-শিবির নানা অজুহাতে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে, তা মানুষের মন থেকে সহজে মুছে যাবার নয়। ফলে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপির পক্ষে নতুন প্রজন্মের ভোটারদের কাছে টানা খুব সহজ হবে না। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নতুন ভোটার রাসেল বলেন, তিনি এবারই প্রথম ভোট দেবেন। তাই বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান।