অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে ইসি

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ইসি এই কথা জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করাই ইসির প্রধান চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মোকাবেলা করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকেই এগুচ্ছে কমিশন। তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, শিগগিরই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে বাধা ছিল। এখন সে বাধা নেই। তবে একটি ওয়ার্ডে সীমানা নির্ধারণ নিয়ে বাধা সৃষ্টি হয়েছে। এটি বাদ দিয়ে নির্বাচন করা যায় কি না এবং আইনে কোন বাধা আছে কি না তা পর্যালোচনা করছে কমিশন।