বিদ্রোহী প্রার্থী ম্যানেজ করতে যুবলীগ টিম বরিশালে

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে নির্বাচন থেকে সরে গিয়ে দলের সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে কাজ করার জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটি উদ্যোগ নিয়েছে। গতকাল মঙ্গলবার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রুপালী ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরন, আতাউর রহমান আতা ও সাংগঠনিক সম্পাদক তুহিনের নেতৃত্বে একটি টিম বরিশালে এসেছেন। তারা মামুনের সাথে যোগাযোগ করে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। মাহবুবুর রহমান হিরন জানান, আজ বুধবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বরিশালে আসবেন। তিনি মামুনের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি দলের স্বার্থে যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে দলের সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে কাজ করবেন।