ফতুল্লায় খাল দখল করায় জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের পানি নিষ্কাশনের একটি খাল দখলের অভিযোগে মিনতি রানী দাস নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আলাদা অভিযানে অবৈধভাবে ওষুধ মজুদ রাখা ও সার্টিফিকেট ছাড়া চিকিত্সা দেয়ার অভিযোগে অন্য একজনকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা। মঙ্গলবার সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গাউসুল আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গাউসুল আজম জানান, ডিএনডি বাঁধের ভেতরের পানি নিষ্কাশনের অন্যতম একটি খাল নলখালী। কিন্তু খালটি দখল ও ভরাট হওয়ায় পানি সরতে না পারায় জলাবদ্ধতা দেখা দেয়। মঙ্গলবার ফতুল্লা পোস্ট অফিস ঋষিপাড়া এলাকায় নলখালী খালে অভিযান চালায় সদর উপজেলা পরিষদ। ঐ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নলখালী খাল দখল করে টয়লেট নির্মাণের অভিযোগে মিনতি রানী দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘরে অবৈধভাবে ওষুধ মজুদ রাখা ও সার্টিফিকেট ছাড়া চিকিত্সা দেয়ার অভিযোগে দিলীপ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।