সবজি ও গুঁড়োদুধের বাজার চড়া
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫১
কয়েক দিনের বৃষ্টির ফলে পাল্টে গেছে রাজধানীর সবজি বাজারের চিত্র। প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির পাশাপাশি ১৫ দিনের ব্যবধানে গুঁড়ো দুধের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ৩০ টাকা। কাওরানবাজার ও মহাখালীসহ কয়েকটি বাজারে সরেজমিনে বিভিন্ন পণ্যের দাম বাড়ার এই চিত্র পাওয়া যায়।
সবজি ব্যবসায়ীরা বলেছেন, বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে সবজি বাগান নষ্ট হয়ে গেছে। ফলে সবজির সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বরবটি ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৪২ টাকা, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, ঝিঙা ও পটল ৩৫ থেকে ৪০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে সবজিভেদে তা কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হয়। তবে সবজির মধ্যে ঢেঁড়স ও আলুর দাম কিছুটা কম আছে। ঢেঁড়স প্রতি কেজি ২৪ থেকে ২৫ টাকা ও আলু ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
কাওরানবাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, সরবরাহ আবার বাড়লেই দাম কমে যাবে। এদিকে সবজির পাশাপাশি গত প্রায় ১৫/২০ দিনের ব্যবধানে গুঁড়োদুধের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। গতকাল বাজারে প্রতি কেজি ডানো গুঁড়ো দুধ বিক্রি হয় ৫৯৫ থেকে ৬০০ টাকা, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৬০০ থেকে ৬১০ টাকা, ফ্রেশ ও মার্কস ৪৯৫ থেকে ৫০০ টাকা দরে। কিন্তু ১৫/২০ দিন আগে ডানো গুঁড়ো দুধ বিক্রি হয় ৫৮০ থেকে ৫৯০ টাকা, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৫৭০ থেকে ৫৮০ টাকা, ফ্রেশ ও মার্কস ৪৬০ থেকে ৪৭০ টাকা দরে । সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসাবেই গুঁড়ো দুধের দাম বাড়ার এই চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল মহাখালী বাজারে গুঁড়ো দুধ কিনতে আসা এক ব্যক্তি বলেন, বাজারে সরকারের কোন নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। তবে এই বাজারের একটি ডিপার্টমেন্ট সেন্টারের স্বত্বাধিকারী বলেন, চাহিদামতো গুঁড়ো দুধের সরবরাহ পাচ্ছি না। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।