দায়ী ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫২
পুলিশ হেফাজতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শামীম রেজার মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন নিহত শামীমের বাবা হাজী আলাউদ্দিন। আবেদনকারীর আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের এ কথা বলেন। রিটে সোনারগাঁও থানার ওসিসহ পুলিশের চার কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়, স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রীসহ ৪ খুনের ঘটনায় ১৪ মে পুলিশ শামীম রেজাকে আটক করে। আটকের পর শামীমের ওপর নির্যাতন চালানো হয়। পুলিশের নির্যাতনের এক পর্যায়ে শামীম মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি করা হয়। রিটে শামীমের এ মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চেয়েও আবেদন করা হয়। এছাড়া ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এজাহার গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারির প্রার্থনা পেশ করা হয়। চার পুলিশ কর্মকর্তা হলেন, সোনারগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার, উপ-পরিদর্শক পল্টু ঘোষ ও নারায়ণগঞ্জ পুলিশের বি সার্কেলের সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদ।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নারায়ণগঞ্জের ডিসি ও এসপি, অতিরিক্ত এসপি (অপরাধ), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সোনারগাঁও থানার চার পুলিশ কর্মকর্তাকে রিটে প্রতিপক্ষ (রেসপনন্ডেট) করা হয়েছে।
গত ১৯ এপ্রিল রাতে সোনারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরের ভেতরে ঢুকে প্রথমে রফিকুলের শ্যালক রানা ইসলামকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়। তারপর একইভাবে চেয়ারম্যানের স্ত্রী শামীমা ইসলামকে হত্যা করা হয়। পরে খুনিদের চিনে ফেলার কারণে দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকেও হত্যা করা হয়। এ ঘটনায় শামীম রেজাকে আটক করা হয়েছিল।