‘পূর্বের ঘটনায় শাস্তি না হওয়ায় রানা প্লাজায় ধস’

এক সংবাদ সম্মেলনে রানা প্লাজা ধসের দুর্ঘটনার জন্য তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড এবং স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসের ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়াকেই অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রমিকদের জন্য গার্মেন্টসে যথোপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টির জন্য ১৪ দফা দাবি বাস্তবায়নসহ রানা প্লাজা ভবন ধসের সঙ্গে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। গতকাল তৃণমূল এনজিও ও নাগরিক সংগঠনের জোট সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র)-এর উদ্যোগে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তসহ সকল শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন বলেন, স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসের ঘটনা এবং তাজরীন ফ্যাশনসে এতোবড়ো অগ্নিকাণ্ড ঘটার পরও কেউ শাস্তি না পাওয়াতেই পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। যে কারণে রানা প্লাজা ধসের পূর্বে ভবনে ফাটল ধরা পড়ার পরও কোন প্রকার ভ্রূক্ষেপ না করে কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের ঝুঁকিপূর্ণ ভবনে জোরপূর্বক কাজে পাঠায়। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শ্রমিক অধিকার সংরক্ষণ ও পোশাক শিল্প রক্ষায় সুপ্র পরিচালক সামিয়া আহমেদ ১৪ দফা দাবিনামা পেশ করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুপ্র চেয়ারপার্সন মুস্তাফিজুর রহমান খান, সুপ্র নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এমএ কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।