গ্রামীণ উন্নয়নে দশ সুপারিশ উপজেলা চেয়ারম্যানদের
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫৪
সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ২০১৩-১৪ বাজেটে ১০টি সুপারিশ পেশ করে। তাছাড়া উপজেলা চেয়ারম্যানরা অর্থমন্ত্রীর কাছে স্ব স্ব এলাকায় বিদ্যুত্ সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী তাদের বলেছেন, ২০১৬ সালের পর আর বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি হবে না। ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের কার্যাদেশ দেয়া হয়েছে। একই সাথে গ্রামীণ উন্নয়নে আসন্ন বাজেটে বিশেষ কিছু বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। এসময় এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের করা সুপারিশে বলা হয়েছে, ভূমি হস্তান্তর মূল্যের ওপর আইনানুগ প্রাপ্য এক শতাংশ কর সাব রেজিস্ট্রি অফিস থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মত সরাসরি সংশ্লিষ্ট উপজেলা পরিষদের রাজস্ব হিসাবে জমা দেয়া, পরিষদের কাছে হস্তান্তর করা ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা পরিষদের তহবিলে জমা দিয়ে পরিষদকে কার্যকর করা, উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের জন্য কমপক্ষে পাঁচ কোটি টাকা বার্ষিক উন্নয়ন বরাদ্দ দেয়া, উপজেলাধীন বিভিন্ন বিভাগের উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে দরপত্রসহ সংশ্লিষ্ট কার্যক্রম উপজেলায় ন্যস্ত করা, উপজেলায় ৩০০ মিটার পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কালভার্ট, ব্রীজ, নির্মাণ প্রকল্প চালু করা, উপজেলা পরিষদকে পিপিপি পদ্ধতি অনুসরণের জন্য খাতভিত্তিক নির্দিষ্ট নির্দেশনা দেয়া, উপজেলা পরিষদের কাছে হস্তান্তর হওয়া বিভাগগুলোর বাজেট পরিষদের মাধ্যমে করা ইত্যাদি।