কম আহারে মস্তিষ্ক সুরক্ষা

যারা কম আহার করেন তাদের ওজন হ্রাস, হার্টের উপকার, ডায়াবেটিসের ঝুঁকি হ্রাসসহ নানা উপকারের কথা সবারই মোটামুটি জানা। তবে বিশেষজ্ঞগণ কম ও পরিমিত আহারের আর একটি অতি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তা হচ্ছে স্বল্প ভোজীদের মস্তিষ্ক থাকে সতেজ, বুদ্ধিদীপ্ত এবং স্মরণশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে। সর্বোপরি মস্তিষ্ক কোষ ক্ষয় বিলম্বিত করে। রোধ করে আলঝেইমারের মত বিপজ্জনক অবস্থা। বয়সের ছাপ কমিয়ে দেয় এবং জীবনকে প্রলম্বিত করে।এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ম্যাসাসুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজির বিশেষজ্ঞগণ একটি চমত্কার গবেষণা করেছেন। এমআইটির পিকোয়ার ইনস্টিটিউট ফর লার্নিং এন্ড মেমোরি এবং হাওয়ার্ড মেডিক্যাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড. জোহানেস গ্রাফ উল্লেখ করেছে কম আহারে নিউরোডিজেনারেশন বা মস্তিষ্ক কোষ ক্ষয় হওয়ার গতি কমিয়ে দেয়। জার্নাল অব নিউরো সায়েন্সে প্রকাশিত উক্ত গবেষণা রিপোর্টে বলা হয়, এ ব্যাপারে আরো গবেষণার দরকার আছে। তবে কম আহারে মস্তিষ্কের জন্য ভাল এটা নি:সন্দেহে আশাব্যঞ্জক। পাশাপাশি ডায়াবেটিস ও ওজন আধিক্যের ঝামেলার ঝুঁকিতো কমছেই।