শর্তের ফাঁদে আটকানো হয়েছে অর্ধশতাধিক দক্ষ প্রতিষ্ঠানকে!
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৪৮
শর্তের মারপ্যাঁচে আটকে গিয়ে চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো, কন্টেইনার ও কন্টেইনারাইজড কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বার্থ অপারেটর নিয়োগের দরপত্রে অংশ নিতে পারছে না অর্ধশতাধিক দক্ষ ও অভিজ্ঞ প্রতিষ্ঠান। ব্যাপক সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়ায় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া ১২টি বার্থ অপারেটর প্রতিষ্ঠানই এ দরপত্রে অংশগ্রহণ করার একচেটিয়া সুযোগ পাচ্ছে। ফলে স্বল্পমূল্যে পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পণ্য হ্যান্ডলিংয়ে অতিরিক্ত চার্জের কারণে শেষ পর্যন্ত এর দায়ভার দেশের ব্যবসায়ী সমাজসহ সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে— এমন অভিযোগ উঠেছে। তাই বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে দরপত্রকে অধিকতর স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা এবং অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে সর্বনিম্ন চার্জে হ্যান্ডলিং কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে দরপত্রের শর্তাদি সংশোধন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষ যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো- বার্ষিক ২ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করার অভিজ্ঞতা থাকতে হবে। এই শর্ত পূরণ করার ক্ষমতা আছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া ১২টি প্রতিষ্ঠানের। তারাই শুধু শর্ত মেনে দরপত্রে অংশ নিতে পারবে। বাদবাকিদের দরপত্রের বাইরে রাখার জন্য ইচ্ছা করেই এই শর্তের বেড়াজাল সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে । এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, বার্থ অপারেটরের কাজটি একটি বিশেষায়িত কাজ। অভিজ্ঞতা ও দক্ষতাহীন অপারেটর নিয়োগ করা হলে চট্টগ্রাম বন্দর এবং দেশের ‘সুনাম’ নষ্ট হবে।
শর্তাবলী সংশোধন করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। চেম্বার সভাপতি মাহবুবুল আলম ইত্তেফাককে বলেন, শর্তের ফাঁদে পড়ে অন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে। ৫০ বছরের দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন লাইসেন্সপ্রাপ্ত ৫০টিরও অধিক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করতে পারছে না, যা বন্দর কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে চেম্বারকে অবহিত করেছে।