দুই ডিসিসি নির্বাচনের অনিশ্চয়তা কাটছে না
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৪৯
রাজধানীর বাইরে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যাপক তোরজোর চললেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের অনিশ্চয়তা কাটছে না। মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর পার হলেও জনপ্রতিনিধিহীনই থাকছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সূত্রে জানা গেছে, সরকারই এ মুহূর্তে চায় না এ নির্বাচন করতে। এরচেয়ে প্রশাসক দিয়ে কাজ চালানোকেই সুবিধাজনক মনে করছে সরকার।
গত বছরের ২৯ এপ্রিল এ দুই সিটি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ আর সীমানা পুনঃনির্ধারণ জটিলতায় হাইকোর্টের আদেশে আটকে যায় এ নির্বাচন। সর্বশেষ আদালত এ নির্বাচনের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও জটিলতা শেষ হয়নি। কারণ বিরোধপূর্ণ সুলতানগঞ্জ ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্ত করা হলেও ওয়ার্ডভুক্ত করা হয়নি। ফলে এ অবস্থায় পুনঃতফসিল ঘোষণা করলে আবার আইনগত জটিলতা তৈরি হতে পারে।
সরকারি একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ঢাকায় ফলাফল যে সরকারের অনুকূলে যাবে না সেটা মোটামুটি টের পেয়েছেন সরকারের নীতিনির্ধারকগণ। ফলে নির্বাচনের চেয়ে প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশন দুটি পরিচালনাই এখন তাদের জন্য বেশি সুবিধাজনক। এ কারণে বর্তমান সরকারের মেয়াদে এ নির্বাচনের সম্ভাবনা খুবই কম। কারণ বাস্তবিক পরিস্থিতিতে চাইলেও সম্ভবত আগামী সংসদ নির্বাচনের আগে আর নির্বাচন করার সুযোগ নির্বাচন কমিশন পাবে না। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন কয়েক দফায় নির্বাচন করার উদ্যোগ নিলেও সরকার থেকে কোন ধরনের সায় পাচ্ছেন না। নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন দুটোর ভোটার তালিকা হালনাগাদের কাজও করেছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ ব্যাপারে ‘ইত্তেফাক’কে বলেনঃ আদালতের নির্দেশনার কারণে বন্ধ ছিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। সরকারের এ নিয়ে আন্তরিকতার কোন অভাব নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনতো তফসিল ঘোষণা করেছিল। আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারে।
আজ থেকে ১১ বছর আগে সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০০৭ সালের মে মাসে এর মেয়াদ শেষ হলেও এখনো পর্যন্ত নির্বাচন করা সম্ভব হয়নি ঢাকা সিটি কর্পোরেশনের। ৬ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধিহীনভাবেই চলছে দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঢাকা সিটি।
এদিকে বর্তমান সংবিধান অনুসারে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেজন্য ওই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে বিভক্ত দুই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করার সম্ভাবনা ক্রমশই কমে আসছে। দীর্ঘ দশ বছর পর গত ৯ এপ্রিল এক ঢাকায় দুই মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এক ঢাকায় দুই মেয়র নির্বাচন থমকে যায় একটি রিট আবেদনের পর। একাধিক সূত্র বলেছে, এ রিটটি সরকারের পক্ষে গেছে বা কৌঁশলে সরকারি দল কাউকে দিয়ে রিটটি করিয়েছে। গত ২৯ ডিসেম্বর সরকার আইন পাস করে এক ঢাকাকে ভেঙ্গে দুটি সিটি কর্পোরেশন করে। ওই সময়ই বিদায় নেন ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা।
দুই মেয়র ১৮ বছর
সরাসরি জনগণের ভোটে ঢাকায় নির্বাচন শুরুর পর এ পর্যন্ত দুইজন মেয়র গত ১৮ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা প্রয়াত মোহাম্মদ হানিফ সাড়ে ৮ বছর আর বিএনপির সাদেক হোসেন খোকা ৯ বছরের বেশি সময় মেয়রের দায়িত্ব পালন করেন। এরা দু’জনই নির্বাচিত হয়েছিলেন ৫ বছরের জন্য। আর দু’জন মিলে পার করে দিলেন টানা ১৮ বছর। ২০১০ সালের আগ পর্যন্ত সকল সিটি কর্পোরেশনের জন্য আলাদা আইন ছিল। ২০১০ সালে সকল সিটি কর্পোরেশনের জন্য একটি সমন্বিত আইন করা হয়। বর্তমানে দুজন সরকারি কর্মকর্তা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে মেয়রের দায়িত্ব পালন করছেন।