রাজধানীতে প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে হত্যা, আটক ১

রাজধানীর পুরান ঢাকার লালবাগে গতকাল মঙ্গলবার দিনে-দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার হাসানুল হক রতন ওরফে পাংকু সেলিমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম পিডব্লিউডি’র প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। লালবাগের ১৫/বি, জেএন সাহা রোডে তার বাসা। ঘটনার পর পুলিশ রাসেল নামে এক যুবককে সন্দেহভাজন হিসাবে আটক করলেও হত্যার কারণ জানা যায় নি। নিহতের পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে সেলিম বাসা থেকে বের হয়ে পাশে রহমতল্লাহ স্কুলের গ্যারেজে তার মোটরসাইকেল আনতে যায়। গ্যারেজের সামনে হঠাত্ ৬/৭ জন যুবক তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সেলিমকে কোপাতে থাকে। এতে সেখানেই সে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিত্সকরা জানান। নিহতের স্ত্রী মীনা হাসান আজিমপুর অগ্রণী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি অভিযোগ করেন, মনির নামে এক সহকর্মী তার স্বামীকে খুন করেছে। সোমবার রাতে ব্যবসায়িক বিষয় নিয়ে মনির মোবাইল ফোনে তার স্বামীকে হুমকি দিয়েছিল। লালবাগ থানার ওসি নূরুল মোত্তাকিন বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সেলিমকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানার ডিউটি অফিসার আব্দুল আউয়াল জানান, হত্যায় জড়িত অভিযোগে রাসেলকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।