গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করার সময় বাড়লো ১ মাস
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৪৯
অবৈধ গ্যাস সংযোগ বৈধ করতে সময় বাড়ানো হয়েছে আরো এক মাস। আগামী ২০ জুন পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে। একই সাথে যারা অবৈধ সংযোগ নিয়েছেন আবার গ্যাস বিলও দিচ্ছেন তাদেরকে এখন থেকে বিল পরিশোধ করতে না করা হয়েছে। যারা স্বেচ্ছায় স্বীকার করবেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর গতকাল মঙ্গলবার পেট্রোসেন্টারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের ১৩ জুনের পরে যত সংযোগ আছে সবই অবৈধ। অবৈধ সংযোগ বৈধ করতে আবেদন করতে হবে। এর সাথে এক বছরের গ্যাস বিল ও তিন মাসের জরিমানাসহ মোট ১৫ মাসের গ্যাস বিল দিতে হবে। যার পরিমাণ ছয় হাজার ৭৫০ টাকা। এই টাকা দিয়ে সবাই অবৈধ সংযোগ বৈধ করে নিতে পারবে। যারা এখন মাসে মাসে বিল দিচ্ছেন তারা এবং যারা বিল দিচ্ছেন না তারাও এই একইভাবে টাকা দিয়ে সংযোগ বৈধ করবেন। আগামী ১ জুন থেকে এই গ্রাহকদের স্বাভাবিক প্রক্রিয়ায় গ্যাস বিল নেয়া হবে। অবৈধ সংযোগ বৈধ করতে প্রথমে ৩০ মে পর্যন্ত সময় দেয়া হয়েছিল। এই সময় এখন বাড়িয়ে ২০ জুন করা হয়েছে।
এছাড়াও জোড়া চুলার নতুন সংযোগ পেতে একজন গ্রাহককে দিতে হবে চার হাজার ৫০০ টাকা। এর মধ্যে দুই হাজার ৭৫০ টাকা সংযোগ বাবদ পরিশোধ করতে হবে। এক হাজার ৩৫০ টাকা নিরাপত্তা জামানত, ৩০০ টাকা কমিশন এবং আবেদনের জন্য জমা দিতে হবে ১০০ টাকা। রাইজার থেকে তিন মিটার পর্যন্ত লাইন করতে এই টাকা দিতে হবে। আর এর সাথে ঠিকাদারদের দিতে হবে রাইজার থেকে ১০ মিটার পর্যন্ত চার হাজার টাকা, ১১ থেকে ২০ মিটার পর্যন্ত পাঁচ হাজার টাকা, ২১ থেকে ৩৫ মিটার পর্যন্ত ছয় হাজার টাকা এবং ৩৬ মিটারের বেশি দূরে লাইন নিলে দিতে হবে সাত হাজার টাকা। এর বেশি কোন টাকা প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট সকল স্থানীয় গ্যাস বিতরণ কার্যালয়ে এই অর্থের হিসাব দর্শনীয় স্থানে টানিয়ে রাখতে নির্দেশ দেয়া হয়েছে। তিতাস আগামী সপ্তাহ থেকে নতুন সংযোগ দেয়া শুরু করবে বলে জাননো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে প্রায় এক হাজার শিল্প-কারখানা চলছে। কিন্তু সেটা বৈধ নয় বলে বলা যাচ্ছে না। অথচ সেসব গ্রাহককে ঠিকই গ্যাস দেয়া হয়েছে। তিনি বলেন, আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ না রাখলে গত তিন বছরে প্রায় দুই লাখ সংযোগ দেয়া লাগতো। সরকার সেখান থেকে রাজস্ব পেত। অথচ অবৈধভাবে প্রায় দেড় লাখ সংযোগ দেয়া হয়েছে। এখান থেকে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে। তিতাসসহ অন্য বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের একটি সংঘবদ্ধ চক্র এই দুর্নীতির সাথে জড়িত বলে তিনি জানান। অবৈধ সংযোগ দেয়ার সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুরোপুরি তদন্ত শেষ হলে এ বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।