সংকট হলেই গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হচ্ছে শিল্পে

অব্যবস্থাপনার কারণে গ্যাসের ব্যবহার যথাযথ হচ্ছে না। নীতিমালার সঙ্গে সংগতি নেই গ্যাস ব্যবহারের। উত্পাদনশীল ও অনুত্পাদনশীল খাতের মধ্যে কোন পার্থক্যই বিবেচনা করা হচ্ছে না। বলা হচ্ছে, শিল্পকে গুরুত্ব দিয়ে গ্যাস দেয়া হবে। কিন্তু কোন সংকট তৈরি হলেই সবার আগে শিল্প কারখানায় রেশনিং করে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হয়। একদিকে শিল্পকে প্রাধান্য দেয়ার কথা বলা হচ্ছে অন্যদিকে অনুত্পাদনশীল খাতে গ্যাসের ব্যবহার বাড়ানো হচ্ছে। গ্যাস ব্যবহার পথনির্দেশনার খসড়া তৈরি করছে জ্বালানি বিভাগ। খসড়ায় বলা হয়েছে, অনুত্পাদনশীল খাতের চেয়ে উত্পাদনশীল খাতকে গুরুত্ব দিয়ে গ্যাস সরবরাহ করতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার কারখানাগুলোর উত্পাদনের একমাত্র কাঁচামাল প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নির্বিঘ্ন রাখা অত্যাবশ্যক। অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য দেশে বিদ্যুত্ উত্পাদন বাড়াতে গ্যাস সরবরাহ বিবেচনা করা আবশ্যক। আবাসিকে গ্যাস সংযোগের ক্ষেত্রে বলা হচ্ছে, এখাতে গ্যাসের ব্যবহার ক্রমান্বয়ে নিরুত্সাহিত করতে হবে। এছাড়া বিকল্প জ্বালানি হিসেবে দ্রুততম সময়ের মধ্যে এলপিজির সরবরাহ বাড়ানো এবং সহনীয় দামে তা গ্রাহক পর্যায়ে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি গ্যাসের দাম বাড়িয়ে এলপিজির সঙ্গে সমন্বয় করতে হবে। বলা হচ্ছে, সারকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়ার কথা। কিন্তু বিদ্যুতের কথা বলে বছরে পাঁচমাস বন্ধ রাখা হচ্ছে। আবাসিক গ্যাস সংযোগ না দিয়ে এলপিজির ব্যবহার বাড়ানোর কথা বলা হচ্ছে। অন্যদিকে এলপিজির দামের ওপর কোনো নিয়ন্ত্রণই আরোপ হচ্ছে না। সিএনজির দাম বাড়িয়ে যানবাহনে গ্যাস ব্যবহার কমানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে সিএনজি চালিত গাড়ি আমদানি করা হচ্ছে ইচ্ছেমত। একই সাথে প্রতিদিন নতুন নতুন গাড়ি সিএনজিতে রূপান্তর করাও বাড়ছে। গ্যাস ব্যবহার নির্দেশনায় যা বলা হয়েছে তার কোনটাই করা হয়নি। কোন সংকট তৈরি হলেই সাভার আশুলিয়া এলাকায় গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হয়। অথচ বাংলাদেশের নতুন শিল্পাঞ্চল এবং ইপিজেড এই এলাকায় অবস্থিত। শিল্পাঞ্চল হিসেবে এই অঞ্চলকে বিশেষ কোন বিবেচনা করা হয় না। বছরে প্রায় পাঁচ মাস সার কারখানা বন্ধ রাখা হচ্ছে। এ কাজ করা হচ্ছে গত কয়েক বছর ধরেই। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুত্ উত্পাদন বাড়াতে সার কারখানা বন্ধ। এর অংশ হিসেবে গত ১লা এপ্রিল থেকে পর্যায়ক্রমে ঘোড়াশাল, পলাশ, কর্ণফুলী সার কারখানা (কাফকো) এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (সিইউএফএল) গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। গ্যাস ব্যবহার নির্দেশনায় বলা হয়, সিএনজির ব্যবহার কমাতে এর দাম পর্যায়ক্রমে বাড়ানোর মাধ্যমে তরল জ্বালানির সমান করা হবে। নতুন সিএনজি কনভার্শন ওয়ার্কশপ স্থাপন স্থগিত করে বর্তমানগুলো ২০১৫ সালের মধ্যে বন্ধ এবং সরাসরি সিএনজি চালিত গাড়ি আমদানির ক্ষেত্রে কর বাড়িয়ে দেয়া উচিত। কয়েক বছর সরকারি-বেসরকারি পর্যায়ে সিএনজি চালিত গাড়ি আমদানি বেড়েছে। বিআরটিসি সূত্র জানায়, ঢাকা শহরের যানজট কমাতে বিআরটিসি ৪০০ নতুন সিএনজি বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, আমরা বিদ্যুত্ ও শিল্পকে গুরুত্ব দিয়ে গ্যাস সরবরাহ করে থাকি। বর্তমানে সাময়িক সংকট চলছে। এরজন্য কিছু এলাকায় একটু সমস্যা সৃষ্টি হয়েছে। কিছুদিনের মধ্যেই সরবরাহ বাড়বে এবং এই সমস্যা কেটে যাবে।