আশুলিয়া শ্রীপুরে হাজারো পোশাক শ্রমিকের বিক্ষোভ, অবরোধ

মজুরি, বোনাস ও ওভারটাইম ভাতা বৃদ্ধি এবং বন্ধ পোশাক কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার আশুলিয়া ও শ্রীপুরে বেশ কয়েকটি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে। মহাসড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, মজুরি, চিকিত্সা, বোনাস, ওভারটাইম ভাতা বৃদ্ধির দাবিতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নাধীন ফরিদপুর গ্রামের নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকেরা। ২৭ মে সোমবার তিব্বত গ্রুপের রিদিশা নিটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকসহ কমপক্ষে চারটি কারখানার আট হাজার শ্রমিক অবরোধে অংশ নেয়। বিকেল চারটায় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করে। এতে শতাধিক শ্রমিক আহত হয় বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিদিশা নিটেক্স লিমিটেডের দুইটি শাখাসহ কমপক্ষে চারটি পোশাক কারখানার শ্রমিকেরা দুপুরে মহাসড়ক অবরোধ করে। উপজেলার নয়নপুরের দুই পাশে ভালুকার সিডস্টোর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত কমপক্ষে ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটার দিকে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা পাল্টা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, অবরোধের দুই ঘণ্টা পর ৮/১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে সড়ক চলাচল স্বাভাবিক হলেও পরিস্থিতি থমথমে। বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, পুলিশের ধাওয়ায় নয়নপুর বাজারের অলিগলি ও আশপাশের বাড়িতে লুকিয়ে থাকা শ্রমিকদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এতে শতাধিক শ্রমিক আহত হয়। সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়া ও মজুরি বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়ায় সাদাটিয়া ও ইসলাম গার্মেন্টসে কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ জানায়, সকালে কাজে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষোভে ফেটে পড়ে আশুলিয়ার জামগড়া এলাকার সাদাটিয়া গার্মেন্টসের পোশাক শ্রমিকরা। এ সময় তারা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কমপক্ষে ১০ জন আহত হয়। জামগড়ার ইসলাম গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। ডাইনেস্টি গ্রুপের ৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের কারণে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে গত দুইদিন আশুলিয়া শিল্পাঞ্চলের কলমা এলাকার ডাইনেস্টি গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় আসলে মূল ফটকে শিল্প পুলিশ গার্মেন্টস বন্ধ জানিয়ে শ্রমিকদের ভিতরে ঢুকতে বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। কারখানা কবে নাগাদ খোলা হবে এ বিষয়ে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সম্বলিত নোটিস টাঙ্গিয়ে দেয়। পুলিশের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা ফিরে যায়। আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।