চার সিটিতে ৬৫২ কেন্দ্রের মধ্যে ৪২৩টি ঝুঁকিপূর্ণ

চার সিটি করপোরেশন নির্বাচনে ৬৫২ ভোট কেন্দ্রের মধ্যে ৪২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সংখ্যা নির্ণয় করেছেন। এর মধ্যে রাজশাহীতে ১০৩টি, খুলনায় ২১৫টি, বরিশালে ৬০টি ও সিলেটে ৪৫টি। নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা জানান, যে কোন নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কেন্দ্রগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়। এগুলো হচ্ছে—গুরুত্বপূর্ণ কেন্দ্র (ঝুঁকিপূর্ণ), কম গুরুত্বপূর্ণ (কম ঝুঁকিপূর্ণ) এবং সাধারণ কেন্দ্র। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন সংশ্লিষ্টরা গুরুত্ব বিবেচনায় এসব কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা বাড়তি নিরাপত্তা নিয়ে থাকেন। কম গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্রে শুধু পুলিশ ও আনসার ব্যাটালিয়নের ২২ জন সদস্য নিয়োগ করা হয়। আর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ ও আনসার থাকবেন ২৪ জন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সও ওই কেন্দ্রে প্রয়োজনে অবস্থান এবং বার বার টহল দিয়ে থাকেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করতে চারটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। এগুলো হলো—নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্র, একটি কেন্দ্রে স্বাভাবিক ভোটারের অনুপাতে অধিক সংখ্যক ভোটার, প্রশাসনিক ও যোগাযোগ ব্যবস্থা এবং বিগত নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামা কিংবা অতীত রেকর্ড। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকানুযায়ী রাজশাহী সিটিতে ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯২৭ জন। আর ওয়ার্ডের সংখ্যা ৩০টি, ভোটকেন্দ্র ১৩৭টি, ভোটকক্ষ ৮৭১টি এবং অস্থায়ী ভোটকক্ষ আছে ১০৭টি। এ সিটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে ১শ ৩টি। খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬৪৭ জন। আর ওয়ার্ড সংখ্যা ২৮৮টি। এখানে ভোটকেন্দ্র ২৮৮টি, স্থায়ী ভোটকক্ষ ১ হাজার ৪২৮টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৩টি। এ সিটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১৫টি। এর আগে ২৩৯ কেন্দ্রের মধ্যে এ সংখ্যা ছিল ১৯৫টি। বরিশাল সিটিতে ভোটার ২ লাখ ১০ হাজার ৫৩০ জন। এ সিটি করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা ৩০টি। এখানে কেন্দ্রের সংখ্যা ১০০টি, স্থায়ী ভোটকক্ষ ৬১৪টি এবং অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৩৭টি। এ সিটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬০টি। সিলেট সিটিতে ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৭ জন। আর ওয়ার্ডের সংখ্যা ২৭টি। মোট কেন্দ্র ১২৭টি। স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৮৯৬টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা ১১টি। এ সিটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৫টি।