সঞ্চয়পত্রের বিক্রি বাড়াতে কর ছাড় থাকছে বাজেটে
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫০
সরকারের অভ্যন্তরীণ অর্থায়নের বড় উত্স সঞ্চয়পত্র বিক্রি করে আশানুরূপ অর্থায়ন করা যাচ্ছে না চলতি অর্থবছরে। লক্ষ্যমাত্রা থেকে বিক্রি অনেক পিছিয়ে। বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুদ হার না হওয়া আর মূল্যস্ফীতির চাপে এ খাতে সঞ্চয়কারীরা উত্তোলন করার প্রতি বেশি মনোযোগী হয়েছেন। এ অবস্থায় আগামী অর্থবছরে এ খাতের বিক্রি বাড়ানোর জন্য বাজেটে কিছু উদ্যোগ থাকবে।
বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে সঞ্চয়পত্রের কিছু স্কিমে কর ছাড়ের প্রস্তাব থাকছে। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে করছাড় থাকছে। এটি সঞ্চয়পত্রের কয়েকটি স্কিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কিম। এছাড়া পেনশনভোগীদের বিনিয়োগকৃত মুনাফায় করমুক্ত সুবিধা দেওয়া হতে পারে। বর্তমানে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উেস কর কর্তন করা হয়। এ ছাড়া আরো কয়েকটি স্কিমে উেস কর হার যৌক্তিকীকরণ হতে পারে। বাজেটে এ ধরনের উদ্যোগ নেয়া হলে সেটি সঞ্চয়পত্র বিক্রির জন্য ইতিবাচক হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন, সঞ্চয়পত্রের বিক্রি বাড়াতে হলে এ খাতের উপর বিদ্যমান কর সম্পূর্ণ উঠিয়ে দেয়া দরকার। তিনি গতকাল ইত্তেফাককে বলেন, সঞ্চয়কারীদের কাছ থেকে কর কেটে রাখা হচ্ছে যাদের অনেকের করযোগ্য আয়ই নেই। এদের বেশিরভাগই ক্ষুদ্র সঞ্চয়কারী। তিনি বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগকে উত্সাহিত করা দরকার। অন্যথায় এসব বিনিয়োগ শেয়ারবাজারসহ ঝঁকিপূর্ণ বিনিয়োগে চলে যাবে।
সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এ খাত থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৪০০ কোটি টাকা। সেই হিসেবে প্রতি মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হওয়া দরকার প্রায় ৬১৭ কোটি টাকা। অথচ গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে এ খাতে নিট বিক্রির পরিমাণ মাত্র ৬৭৯ কোটি টাকা! অর্থাত্ এই হিসেবে গত দশ মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ! এই সময়ে যে পরিমাণ জমা হয়েছে সঞ্চয়কারীরা উত্তোলন করে নিয়েছেন প্রায় সমপরিমাণ টাকা। আলোচ্য সময়ে মোট বিক্রি হয়েছে ১৯ হাজার ৫৮১ কোটি টাকা এবং উত্তোলন করা হয়েছে ১৮ হাজার ৯০২ কোটি টাকা। একই সময়ে সুদ পরিশোধ করা হয়েছে ৬ হাজার ৬৬৩ কোটি টাকা।
সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি কমে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক সুদ হার না থাকা এবং উেস কর আরোপকে দায়ী করেছেন এ খাতের সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা মনে করেন, সরকার সঞ্চয়পত্র থেকে অর্থায়ন করলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। অবশ্য এ খাতে বিক্রি বাড়াতে গত মার্চ মাস থেকে সুদের হার কিছুটা বাড়ানো হয়। এর পরও এ খাতের বিক্রিতে আশানুরূপ ফল আসেনি।