আফগান যুদ্ধের সমাপ্তি আগামী বছর :ওবামা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫০
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আগামী বছরই আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি ঘটবে; কিন্তু বিভিন্ন যুদ্ধে যেসব মার্কিন সেনা দেশের জন্য কাজ করতে যেয়ে প্রাণ দিয়েছেন তাদের ভুলে গেলে চলবে না। যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধের মধ্যে আছে বলে মন্তব্য করেন ওবামা। খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার আরলিংটনে নিহত সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ভিয়েতনাম যুদ্ধের ফলে প্রত্যেকটি আমেরিকানই ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু এখন বিদেশে মার্কিন সেনারা যুদ্ধ করলেও তা নাগরিকদের সরাসরি ক্ষতিগ্রস্ত করে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে এখন প্রায় ৬০ হাজার সৈন্য আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছেন। ২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানান ওবামা। গত সপ্তাহে ওবামা বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বে সীমাহীন যুদ্ধ থেকে সরে আসবে।