ক্রেতা ভোক্তা উভয়কে শ্রম ও মর্যাদার মূল্য শোধ করতে হবে

রানা প্লাজা ধ্বংসের মতো মর্মান্তিক ট্র্যাজেডির পর শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা, শ্রমমূল্য নিয়ে অবহেলা করা বা এড়িয়ে চলার কোনই অবকাশ নেই। এসব বিষয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে অগ্রসর হওয়ার সময় এখনই। কেবল ক্রেতারা নয় ভোক্তা শ্রেণীকেও প্রতিটি বিষয়ের প্রতি মনোযোগী হয়ে শ্রম ও মর্যাদার উপযুক্ত মূল্য শোধ করতে হবে। মানবাধিকার বিষয়ে ফরাসী বিশেষ দূত ফ্রাসোঁয়া জিমারে গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। দুই দিনের সফরে ফ্রান্স সরকারের এই প্রতিনিধি সোমবার ঢাকা আসেন। অলিয়ঁস ফ্রসেঁজ এ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ফরাসী রাষ্ট্রদূত মিশেল ট্রানকিয়ে ও অলিয়ঁস ফ্রসেঁজ এর পরিচালক অলিভিয়ে লিটভিন বক্তব্য রাখেন। ফরাসী মানবাধিকার দূত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সর্বোপরি রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ফ্রাসোঁয়া জিমারে রানা প্লাজা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, এই ঘটনা অবহেলা বা অজ্ঞতারই বহিঃপ্রকাশ। এটি কেবল একটি ভবনের ধসই নয়, এটা আইনের প্রতি অবজ্ঞা, ন্যায় বিচারের অধপতনও বটে। আইনের প্রয়োগেরও ধস। হতাশা বা নৈরাজ্যবাদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উপযুক্ত সময় এখনই। সেই সাথে আত্মতুষ্ট হবারও কোন কারণ নেই। বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতারা কেবল নয়, যারা পোশাক পণ্য ব্যবহার করেন সেই ভোক্তাশ্রেণী এই ট্র্যাজেডির দায় দায়িত্ব এড়াতে পারে না। মানবাধিকার দৃষ্টিতে মালিক সরকারের বাইরে ক্রেতা ভোক্তা উভয়কেই ক্ষতিপূরণ দিতে হবে। সবগুলো পক্ষকে দায়ের ভাগ নিতে হবে। ফরাসী দূত বলেন, বিদেশি ক্রেতা বা ভোক্তাদের বাংলাদেশি পণ্য বয়কটের ডাক কোন সমাধান বয়ে আনবে না। একেকটি পণ্য একেকটি ব্রান্ড। এখন পণ্য পাঠানোর সময় বাংলাদেশের উচিত এমন বার্তা দেয়া যে, এই ট্র্যাজেডি থেকে অনেক শিক্ষা হয়েছে। ভবিষ্যত্ পরিস্থিতি উন্নতি হবে। এখন সরকার, মালিক পক্ষের উচিত আইএলওসহ বিদেশি সংস্থার সঙ্গে একযোগে কাজ করা। যাতে শ্রম মান ও মর্যাদা এবং শ্রমিক ইউনিয়ন নিশ্চিত হবে। সেই সঙ্গে যুক্ত হবে ক্রেতা ও ভোক্তা। ক্রেতা ও ব্রান্ডগুলোর উচিত রানা প্লাজা দেখে যাওয়া। তাদের উচিত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া। সেই সঙ্গে তারা শ্রদ্ধাশীল হবে শ্রমের মূল্য ও মর্যাদার প্রতি। ফরাসী বিশেষ দূত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গুম, বিচার বহির্ভূত হত্যা নিন্দনীয়। গুম এক ধরনের আইনের প্রতি অশ্রদ্ধা ও ভয়াবহ ব্যাপার। মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, দায়মুক্তির সংস্কৃতি থেকে বের হওয়া দরকার। মানবাধিকার রক্ষার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। কিন্তু এই বিচার করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেটা নিশ্চিত করা জরুরি। যদিও পুরোনো বিরোধ নিষ্পত্তি, ন্যায়বিচার আর শান্তি প্রতিষ্ঠা-এ বিষয়গুলো খুবই জটিল বিষয়। বিচারে আসামি পক্ষের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচার যেন প্রতিশোধে পরিণত না হয়।