পাকিস্তানে পারমাণবিক বোমা থাকলেও বিদ্যুত্ নেই
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫০
পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) চেয়ারম্যান নওয়াজ শরীফ বলেছেন, আমাদের দুর্ভাগ্য যে, আমাদের পারমাণবিক বোমা থাকলেও বিদ্যুত্ নেই। যে দেশে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুত্ থাকে না সেই দেশ কিভাবে উন্নতি করতে পারে বলেও প্রশ্ন রাখেন তিনি। গতকাল মঙ্গলবার দেশটির পারমাণবিক বোমা পরীক্ষার ১৫তম বার্ষিকী উপলক্ষে নওয়াজ শরীফ এ মন্তব্য করেন। খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানে এ বছরের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে নওয়াজ শরীফের দল। আগামী ৫ জুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন। সংরক্ষিত আসনসহ তার আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৮৫টিতে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭১ আসন। নওয়াজ শরীফ বলেন, দেশে বিদ্যুত্ সংকটের চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না। তিনি বিদ্যুত্ খাতের এই সংকটের জন্য দুর্নীতি, অব্যবস্থাপনা এবং বিনিয়োগহীনতাকে দায়ী করে বলেন, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলে ২০ ঘণ্টাই বিদ্যুত্ পাওয়া যায় না। নওয়াজ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যুত্ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান। তবে এ সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ। অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে নওয়াজ বলেন, আমি আমার সরকারের শেষ সময়ে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিলাম। এবার ক্ষমতায় গিয়ে অর্থনৈতিক বোমার বিস্ফোরণ ঘটাবো। প্রসঙ্গত, ১৯৯৮ সালে নওয়াজ শরীফ ক্ষমতায় থাকার সময় প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পাকিস্তান।