প্রত্যাখ্যান করুন অবৈধ হরতাল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আজকের হরতালকে অপ্রয়োজনীয় ও অবৈধ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একই সঙ্গে হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডির নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ১৪ দলের পক্ষে দেশবাসীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা হরতাল প্রত্যাখ্যান করে সবকিছু স্বাভাবিক রাখুন। দোকান খোলা রাখুন, গাড়ি চালান। আপনাদের নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগসহ ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মী। বিরোধী দলকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করে সংসদে আলোচনায় আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সংসদে আলোচনায় আসুন, দেশবাসী দেখুক আপনারা কী চান। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে হরতালের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি শারমেনকে তার কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে। এ সময় তিনি বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে বলেন, বিদেশি অতিথিদের অসম্মান করা আপনাদের কোন ধরনের রাজনীতি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সমর্থনের বাইরে গিয়ে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।