চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিলেন সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যান। নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক গতকাল বৃহস্পতিবার সিডিএ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর জলাবদ্ধতা নিরসনে চসিক কাউন্সিলরদের সম্পৃক্ত করায় সিডিএ চেয়ারম্যানসহ প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, সামনে বর্ষা মৌসুম। জনদুর্ভোগ ও জলাবদ্ধতার প্রকোপ কমিয়ে আনতে চট্টগ্রামের সকল জনপ্রতিনিধির মতামত নেওয়ায় দুই প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় হবে।
সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি সিডিএর আওতাধীন আসা ঠিক হয়নি। এই ব্যাপারে সিডিএর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বলেলই চলে। অপর দিকে, সিটি কর্পোরেশনের রয়েছে পূর্ব অভিজ্ঞাতা, যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবল। তাই চসিককে দিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করলে সুফল আসত।
এ সময় আরো বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর ও সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দিন আহমদ, তারেক সোলায়মান সেলিম, জসিম উদ্দিন শাহ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, চিফ টাউন প্লানার শাহিনুল ইসলাম খান, এলিভেট এক্সপ্রেসের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ও প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।