তারেক রহমান ইস্যুতে ৯ জেলায় হরতাল পালিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের নয়টি জেলায় হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে এসব অঞ্চলে সড়ক ও মহাসড়ক অবরোধ, অগ্নি প্রজ্বলন, যানবাহন ভাংচুর, বিক্ষিপ্ত বোমাবাজি, বিক্ষোভ মিছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিরোধীদলের নেতাকর্মী গ্রেফতারের ঘটনা ঘটেছে। খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতাগণ। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত বোমাবাজি, টায়ারে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, মিছিলে পুলিশি বাধা ও নেতাকর্মীদের দফায় দফায় মিছিলের মধ্য দিয়ে হরতাল হয়েছে। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটাররা টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে। সকাল ৭টার দিকে শহরের দক্ষিণ তেমুহনীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুলিশি বাধার মুখে পড়লে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সকালে যুবদলের মিছিল উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে সরকারি মহিলা কলেজের সামনে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় মিছিল থেকে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সকাল থেকে বিসিক শিল্পনগরী, জকসিন, মান্দারী, দালাল বাজার ও রাখালিয়াসহ জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল। ৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহর থেকে সবধরনের যানবাহন চলাচল বন্ধ। পরশুরাম: সকালে পিকেটাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহীপাল ফিলিং স্টেশনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি মালবাহী ট্রাক ও একটি কভার্ডভ্যান ভাংচুর করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল না করলেও মালবাহী ট্রাক ও কভার্ডভ্যান চলেছে। শহরে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ২ জনকে আটক করেছে। রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর-হায়দরগঞ্জ সড়কের শোলাখালী ব্রিজ, রায়পুর-রামগঞ্জ সড়কের জোড়পুল, রায়পুর-ফরিদগঞ্জ সড়কের বর্ডার ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া এলাকায় পিকেটিংকালে ১৫টি মোটরসাইকেল ও ৪টি অটোরিকশাসহ ২০টি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা। বাধা দিতে গিয়ে হামলার শিকার হয় তিন মোটরসাইকেল আরোহী। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ করে তারা। কালকিনি (মাদারীপুর): মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুরসহ ৯টি জেলায় বিএনপির ডাকা হরতালে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ও রাস্তায় টায়ার জ্বালিযে বন্ধ করে দিয়ে ব্যাপক ভাংচুরের মধ্যে মাদারীপুরের কালকিনি উপজেলায় হরতাল পালিত হয়েছে। ফরিদপুর: ফরিদপুরে যুবদল ছাত্রদলের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। বিভিন্নস্থানে কমপক্ষে পাঁচটি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ আটক করেছে ৫ জনকে। নারায়ণগঞ্জ: মঙ্গলবার বিকালে শহরে সমাবেশ করেছে যুবদল। একই সময় মহানগর যুবদলের মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল ৪টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা আবদুল কাদির, বাকীর হোসেন বাকী, জুয়েল, মহিউদ্দিন শিশির, শহীদুল ইসলাম টিটু, মাসুদুর রহমান, গোলাম সারোয়ার বাদল প্রমুখ। সাতক্ষীরা: হরতালে গাড়ি ভাংচুর, সরকারি গাছ কেটে নষ্ট ও নাশকতা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্নস্থানে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। জয়পুরহাট: জেলা বিএনপির ডাকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আধাবেলা হরতাল পালিত হয়েছে। শহরের বাইরে বিভিন্ন রাস্তায় বেরিকেড দিয়ে অবরোধের চেষ্টা করে পিকেটাররা। টেম্পো, অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাংচুর করে তারা। শহরে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল। দূরপাল্লার বাস এখান থেকে ছেড়ে যায়নি।