তারেক রহমানকে দেশে আনতে আদেশ লাগবে ব্রিটিশ কোর্টের
তবারুকুল ইসলাম, লন্ডন থেকে
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫১
লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে ফেরত নেয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন সেদেশের আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা। তাদের মতে ব্রিটিশ সরকার চাইলেও তাকে ফেরত পাঠাতে পারবে না, যদি না আদালত তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট হয়। তবে তারেক রহমান নিজে চাইলে যে কোনো সময় দেশে ফিরে যেতে পারবেন। প্রসঙ্গত, অন্য দেশের আসামিকে ব্রিটেন থেকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণ ব্রিটেনের আদালতের সিদ্ধান্তের ব্যাপার। এ ক্ষেত্রে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনা গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেয় আদালত। বাংলাদেশের সাথে ব্রিটেনের এ বিষয়ে কোনো বিশেষ ট্রিটি বা চুক্তি না থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশকে আসামি হস্তান্তরের জন্য আবেদন করতে হবে। গত মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা এসব কথা বলেন।
টেলিফোনে ওই কর্মকর্তা ইত্তেফাকের লন্ডন প্রতিনিধিকে জানান, বাংলাদেশের তরফ থেকে কোনো আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে ব্রিটিশ সরকার ওই দিন (মঙ্গলবার) পর্যন্ত কোনো আবেদন পায়নি। তিনি জানান, ‘অ্যাক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩’ এবং ’হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৮’ বিবেচনা করে আদালতই কোনো ব্যক্তিকে হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। এ ক্ষেত্রে ইন্টারপোল কোনো ভূমিকা পালন করতে পারে কিনা জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, কাউকে ব্রিটেন থেকে ফিরিয়ে নেয়ার জন্য ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করতে হবে এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
অ্যাক্সট্রাডিশন অ্যাক্টে যে বিধান দেয়া আছে
ব্রিটেনে ২০০৪ সাল থেকে কার্যকর হওয়া অ্যাক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩—এ দেখা যায়, ব্রিটেন থেকে কোনো ব্যক্তিকে বিচারের জন্য অন্য কোনো দেশে ফেরত দেয়ার ক্ষেত্রে দুইটি ধারা রয়েছে। এর একটি ‘পার্ট-১’ যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য, অন্যটি ‘পার্ট-২’ যা বাংলাদেশসহ ১০২টি দেশের জন্য প্রযোজ্য। ‘পার্ট-২’ অংশে বলা হয়েছে, কোনো দেশে অভিযুক্ত বা আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট দেশ ফেরত নিতে চাইলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারের বিশেষ প্রতিনিধির মাধ্যমে এ আবেদন করতে হয়। আবেদনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা সাজাপ্রাপ্ত হলে বিচারকের রায়ের পূর্ণাঙ্গ কপি এবং ব্রিটেনে গ্রেফতারি পরোয়ানা জারির উপযুক্ত তথ্যসহ আদালতের নির্দেশের বিস্তারিত জমা দিতে হয়। সেই সাথে এটা নিশ্চিত করতে হয় যে, ফেরত পাঠানোর পর উল্লিখিত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন না, তাকে আনীত অভিযোগ ব্যতীত অন্য কোনো নতুন মামলায় সাজা দেয়া হবে না এবং বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুযোগ থাকবে। এসব বিষয়ে নিশ্চিত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন আমলে নিয়ে একটি সার্টিফিকেট ইস্যু করবেন এবং আবেদনটি বিবেচনার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাবেন। এ পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ‘ক্রাউন কোর্টে’ হাজির করা হয়। এ সময় একটি প্রাথমিক শুনানির পর আদালত অ্যাক্সট্রাডিশন হিয়ারিং (বহিষ্কারের শুনানি) এর দিন ধার্য করে। অ্যাক্সট্রাডিশন শুনানিতে আদালত দায়েরকৃত তথ্য-উপাত্তের ভিত্তিতে ‘অ্যাক্সট্রাডিশন অ্যাক্ট ২০০৩’ এবং ‘ইউরোপীয় হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৮’ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেয়। তবে এ সিদ্ধান্ত আসামির বিপক্ষে গেলে তিনি ব্রিটেনের হাইকোর্টে এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পান। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিচারকাজ শেষ করার বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, তারেক রহমান রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে বসবাস করছেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি চিকিত্সার জন্য লন্ডনে আসেন। ওই ভিসা শেষ হলে তিনি বাংলাদেশে জীবনের নিরাপত্তা হুমকির মুখে- এমন যুক্তিতে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনা করেন। ৫-৬ মাস আগে তার সেই আবেদন সফল হয়েছে বলে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমান এখনো নিয়মিত ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন।