দেশে চার ধরনের যুদ্ধ চলছে :ইনু
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশে এখন চার ধরনের যুদ্ধ চলছে। দারিদ্র্য উচ্ছেদ, প্রকৃতির অভিশাপ থেকে বাঁচা, জঙ্গিবাদ থেকে গণতন্ত্র উদ্ধার ও লিঙ্গ বৈষম্য থেকে সমাজকে উদ্ধারের যুদ্ধ।গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস-১৩ উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় একটি বিশেষ প্রচারণামূলক অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে দেশে মাতৃত্বের কারণে মৃত্যুহার শূন্যের কোঠায় নেমে এসেছে । হ্রাস পেয়েছে শিশু মৃত্যুহারও। ২০১৫ সালের মধ্যে মাতৃত্ব ও শিশু মৃত্যুহার শূন্যের কোঠায় থাকবে। বিএনপির আমলে বন্ধ হয়ে যাওয়া ১২ হাজার কমিউনিটি ক্লিনিক সেন্টার ফের চালু করা হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, অপরাধীরা সব সময়ই নিজেকে নির্দোষ মনে করে আর সেই অপরাধীকে রক্ষার জন্য বুধবার যে হরতাল বিরোধী দল ডেকেছে এটা জনতার আদালত এবং আইনের আদালতেই নিষ্পত্তি হবে। একজন অপরাধীর জন্য বিরোধী দল এ ধরনের হরতাল দেয়ার অধিকার রাখে না।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন-অর-রশিদ, কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ড. জেসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান লেলিন প্রমুখ।