ভোটের ৭ দিন আগে সেনা মোতায়েন দাবি ১৮ দলীয় জোট প্রার্থীর
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫২
সম্মিলিত নাগরিক ফোরাম ও ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর মনিচত্বর এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার পড়ে শোনান সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর রফিকুল ইসলাম। এ সময় বুলবুল আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রভাব বিস্তার ও ভোট ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করেন। এ জন্য নির্বাচনের অন্তত এক সপ্তাহ আগে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
বুলবুলের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে, ‘আগামী পাঁচ বছরের মধ্যে কোন কর বা ট্যাক্স বৃদ্ধি করা হবে না, মহানগরী এলাকার প্রত্যেক বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে, সিটি কর্পোরেশন এলাকার সকল কাজের টেণ্ডার কোনো দলীয় ব্যক্তির হাতে জিম্মি না রেখে সর্বস্তরের ঠিকাদারদের সুযোগ, রাজশাহী ওয়াসাকে শক্তিশালী করে বিশুদ্ধ পানি সরবরাহ, নতুন প্রজন্মের জন্য আইটি ভিলেজ প্রতিষ্ঠা এবং বেকার যুবক-যুবতিদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প তৈরি, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী রেশম কারখানা চালু, আরডিএ মার্কেটসহ অন্যান্য মার্কেটের উন্নয়ন ও আধুনিকায়ন ও সাংবাদিকদের জন্য টাস্ট্রি বোর্ড গঠন প্রভৃতি উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, হারুন অর রশীদ, প্রফেসর ড. ফাইফুল ইসলাম ফারুকী, অ্যাডভোকেট মাঈনুল আহসান পান্না, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, প্রফেসর আফরাউজ্জামান খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর দুপুরে মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর কাশিয়াডাঙ্গা মোড়, কাঁঠালবাড়িয়া মোড়, কোর্ট বার, কোর্ট বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ভোটারদের মাঝে গণসংযোগ করেন।
অন্যদিকে পদত্যাগের পর গতকাল বেলা সোয়া ১১টার দিকে এএইচএম খায়রুজ্জামান লিটন এই প্রথম নগরভবনে যান। তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখায় গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তালা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন। এসময় রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুনসহ ইউনিয়নের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে লিটন খায়রুজ্জামান নগরীর নওদাপাড়ায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যান। সেখানেও তিনি বিভিন্ন শাখায় গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এদিকে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের নিয়ে নির্বাচন কমিশন গতকাল আচরণবিধি সম্পর্কিত অবহিতকরণ সভার আয়োজন করে।