চার সিটি নির্বাচনে ইসির বাজেট ৬ কোটি টাকা

চার সিটি করপোরেশনের নির্বাচনী ব্যয় হিসেবে ৬ কোটি টাকারও বেশি খরচ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে নির্বাচনী পরিচালনা ব্যয় দুই কোটি টাকা। বাকী চার কোটি টাকাই রাখা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা খাতে। চার বিভাগীয় কমিশনারের জন্য রাখা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচন পরিচালনা ব্যয়ের জন্য মাঠ পর্যায় থেকে চাহিদাপত্র অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রাজশাহীতে ৩৮ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। খুলনায় ৫৯ লাখ ২৯ হাজার টাকা। বরিশালে ৩২ লাখ এক হাজার টাকা এবং সিলেটে ৩৭ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা। এছাড়াও চার সিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৭ লাখ ৮০ হাজার টাকা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ হয়েছে ১৬ লাখ টাকা। এই চার সিটিতে ৬০ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের পরদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আগামী ৩০ মে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সঙ্গে ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে ইসি। ওই বৈঠকের পরে সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়া হবে।