হিরনের পক্ষে বঞ্চিত কর্মীদের এক করলেন আবুল হাসানাত

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে অভিমানী সাবেক ও বর্তমান ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন আবুল হাসানাত আব্দুল্লাহ। গতকাল ঢাকা থেকে বরিশাল পৌঁছে আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে বৈঠকে যোগদেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরনসহ অন্য যুবলীগ নেতৃবৃন্দ। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মেয়র প্রার্থী হিরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, ছাত্রলীগের জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তাদের ক্ষোভ ও মান-অভিমানের কথা তুলে ধরেন। এ সময় মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, আগামীতে নির্বাচিত হলে যাদের রাগ-ক্ষোভ রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আবুল হাসানাত আব্দুল্লাহ সকলকে অতীতের কথা ভুলে দলের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, মেয়র নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে। অতএব এ নির্বাচনে কোনো মান-অভিমান থাকলে চলবে না। শেষ পর্যন্ত ক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিমান ভাঙ্গাতে সক্ষম হন তিনি। যেসব নেতা-কর্মীরা নিষ্ক্রিয় ছিলো তারা মাঠে নেমেছেন। এদিকে মেয়র প্রার্থী হিরন বলেছেন, তার উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন করা না হলে আগামীতে কোনো মেয়র আর উন্নয়ন কাজ করবেন না। গতকাল মঙ্গলবার নগরীর সব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ মানুষের সাথে গণসংযোগকালে সম্মিলিত নাগরিক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে টেলিভিশন মার্কার মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরন এসব কথা বলেন। তিনি বলেন, আমি মেয়র হলে বরিশাল শহরকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো। গরীবদের জন্য কাজ করবো, বর্ধিত এলাকাগুলোর নাগরিক সুবিধা বৃদ্ধি করব। গতকাল বেলা ৩টা পর্যন্ত হিরন নগরীর সদর রোড এলাকার মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম, সোনালী, রূপালী, এনসিসি, এবি, ন্যাশনাল, উত্তরা, আইএফআইসি, প্রিমিয়ার, ঢাকা, সাউথইস্ট, জনতা, স্টান্ডার্ড, ব্র্যাক, ট্রাস্ট ও আগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সাথে সাক্ষাত্ করে টেলিভিশন প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন। এর বাইরে তিনি নগরীর সদর রোর্ডের দুই পার্শ্বের সকল বিপণি-বিতানসহ ওষুধের দোকান, জুয়েলারী ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে গণসংযোগ এবং করমর্দন করেন। নাস্তিকদের ভোট দেবেন না: সরোয়ার এমপি জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, আওয়ামী লীগ নাস্তিক, ব্লগার, মুরতাদদের পক্ষ নিয়েছে। তাদের ভোট দেবেন না। ইসলামের স্বার্থে এবং বরিশালের উন্নয়নের স্বার্থে তিনি আনারস প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। সরকার পতন ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী আদর্শের সব নেতা-কর্মীদের তিনি আনারস প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান। সরোয়ার অভিযোগ করেন, বরিশালের উন্নয়নের নামে হিরন ও তার কতিপয় কর্মী বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। ৪ দলীয় জোট সরকারের আমলে সরোয়ার নিজে মেয়র থাকাকালীন নিজের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, গত ৫ বছরে শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও উন্নয়নের নামে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় রং পালিশ করে মানুষের সাথে ধোঁকাবাজির চেষ্টা চলছে। জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল বলেন, আমি নির্বাচিত না হতে পারলেও বিএনপি’র নেতা-কর্মীদের কাছে ঋণী হয়ে থাকবো। কর্মী- সমর্থকদের উদ্দেশে বলেন, জাতীয়তাবাদী এ শক্তিকে কাজে লাগিয়ে আনারস প্রতীককে বিজয়ী করতে হবে। তাহলে বরিশালবাসীর ভাগ্যের উন্নয়ন হবে।