এবারের চার সিটিতে মেয়র পদপ্রার্থীদের নির্বাচনী বিতর্ক
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫৩
এবারো চার সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের নির্বাচনী বিতর্কের মাধ্যমে ভোটারদের সামনে আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক মঙ্গলবার এ বিষয়ে বিবিসি বাংলা বিভাগ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এ বিষয়ে মঙ্গলবারের বৈঠকের পর ইসি সচিব সাদিক ‘ইত্তেফাককে’ বলেন, চার সিটিতে আগেও সংলাপ হয়েছে। ধারাবাহিকতা রক্ষায় এবারও মেয়র প্রার্থীদের ভোটারের মুখোমুখি করার সিদ্ধান্ত হয়েছে। ৩ জুন থেকে ১২ জুনের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত বলে নিশ্চিত করেন তিনি। বিতর্ক অনুষ্ঠানের প্রযোজক বিবিসি বাংলা বিভাগের ওয়ালিউর রহমান মিরাজ জানান, কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বিবিসির সহযোগিতায় এ সংলাপ হবে। গতবার চার সিটি করপোরেশনে প্রার্থী বেশি থাকায় সাত দিনে করতে হয়েছিল, এবার চার দিনে করলে চলবে। আগামী কয়েক দিনের মধ্যে বিতর্কের সময়সূচি ও সঞ্চালক চূড়ান্ত করা হবে। বিটিভি ও বেতারের মাধ্যমে রাত ৮টার সংবাদের পর এক ঘণ্টার এই বিতর্ক সরাসরি সমপ্রচার করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, আগামী ৩ জুন সংলাপ শুরু হবে। এছাড়াও ৬, ৯ ও ১২ জুন পর্যায়ক্রমে এ সংলাপ হবে। সিলেট সিটি করপোরেশন দিয়ে শুরু করে রাজশাহী, খুলনা ও বরিশালে শেষ হবে এ বিতর্ক। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু ইত্তেফাককে জানান, সিটি করপোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই এ বিতর্কে উঠে আসবে। এর মাধ্যমে মেয়র প্রার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।