ভোলায় টানা বর্ষণে মরিচের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় মহাসেনের পর গত ২৬ মে পর্যন্ত টানা বর্ষণের ফলে জেলার মরিচ চাষীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন। এক সপ্তাহ ধরে ক্ষেতে ছিল হাঁটু পানি। এখন পানি নেমে গেলেও গাছের গোড়া পঁচে গেছে। জেলার কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক শান্তি রঞ্জন মন্ডল জানান, ভোলায় মোট ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছিল। এর মধ্যে সম্পূর্ণরূপে এক হাজার ২০০ হেক্টরের এবং আংশিকভাবে ৬ হাজার হেক্টর জমির মরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত না হলে মরিচের উত্পাদন হতো ১৫৬০ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। তবে চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানিয়েছে, কৃষি বিভাগ যে হিসাব দিচ্ছে - তার চেয়ে মরিচ চাষীদের ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। এদিকে জেলার বাদাম চাষীদেরও প্রভূত ক্ষতি সাধিত হয়েছে। ১৩৬৬০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছিল। কিন্তু অতি বর্ষণের ফলে ৩ হাজার হেক্টর জমির বাদাম সম্পূর্ণরূপে পঁচে গিয়েছে।