রূপগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জ পৌরসভার যাত্রামুড়া এলাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার স্থানীয় মিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। তারা ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবরোধ করে ৭-৮টি যানবাহন ভাংচুর করে। উত্তেজিত শ্রমিকরা যাত্রামুড়া এলাকায় তিতাস গ্যাস অফিস ঘেরাও করে। দুপুর আড়াইটায় পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় ৭ দিনের মধ্যে গ্যাস সরবরাহের আল্টিমেটাম দিয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এক বছর ধরে যাত্রামুড়া শিল্প এলাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ হচ্ছে না। এখানকার গ্যাস লাইনের প্রধান পাইপে গ্যাস সরবরাহ বন্ধ করে অন্যত্র গ্যাস সরবরাহ দিয়ে আসছে। তাতে নাশা গ্রুপ, জোবেদা গ্রুপ, মাহবুব গ্রুপ ও নোয়াব আলী গ্রুপের ৮টি মিলের উত্পাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ ১৫ পিএসআই এর স্থলে ২-৩ পিএসআই। এই পরিমাণ গ্যাসের চাপে মিলের জেনারেটর চলছে না। ফলে যাত্রামুড়া শিল্পাঞ্চলের মিলে লোকসান বৃদ্ধি পাচ্ছে, শ্রমিক ও মালিকরা আর্থিক সংকটে পড়ছেন। শ্রমিকরা জানায়, আগামী সাতদিনের মধ্যে বন্ধ গ্যাস পাইপলাইন খুলে দেয়া না হলে এবং চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিতাস গ্যাস যাত্রামুড়া অফিসের ডিজিএম আলাউদ্দিন আহমেদ জানান, এ সমস্যা সাময়িক। শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে।