আমান ও ডা. জাহিদের রিমান্ড ও জামিন আবেদন বাতিল

কোর্ট রিপোর্টার বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. এজেড এম জাহিদের রিমান্ড ও জামিন দুই আবেদনই নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। গত ২০ মে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক আইনে পল্টন থানার একটি মামলায় এ আসামিদের গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। ওইদিন বিচারক এ শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন। শুনানির সময় আমান ও জাহিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, গত ১৯ মে আমান ও জাহিদ তাদের বিরুদ্ধে দায়ের করা অন্য মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হলে গেট থেকে তাদের আবারো গ্রেফতার করা হয়।