কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতরা হলেন—কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মুহাম্মদ মাসুম (৩৫) ও মধ্যম নুনিয়ারছড়া এলাকার মো. মনির হোসেন (৩৮)। র্যাবের দাবি, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি শাহ আলম জানান, ঝাউবনে ইয়াবার চালান আসছে, এমন খবরে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঝাউবন তল্লাশি করে অস্ত্র ও ইয়াবাসহ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, অস্ত্র ও ইয়াবা উদ্ধার ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।