অধিবেশনে অংশগ্রহণ করে সংসদকে আরো কার্যকর করুন:স্পিকার
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫৫
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিরোধী দলের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী ৩ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দিয়ে সংসদ অধিবেশনকে আরো কার্যকর করুন। অতীতের ভুল-ত্রুটি ভুলে গিয়ে সংসদের সকল কর্মকাণ্ডে অশংগ্রহণ করুন। সংসদীয় গণতন্ত্রে সংসদই হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নোয়াখালী প্রেসক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার জেলাবাসীর ব্যানারে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংসদ গঠিত। মহান জাতীয় সংসদই হচ্ছে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের কেন্দ্রবিন্দু। সংসদ অধিবেশনে এসে জনগণের অধিকার বাস্তবায়নে সহযোগিতা করুন। নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সভাপতিত্বে গণসংবর্ধনায় পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি ও রেল মন্ত্রী মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এদিকে লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী গতকাল ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে লাকসাম বাইপাসে যাত্রাবিরতি করেন। এ সময় তিনি একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম।