উত্তরায় ঢাবি শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষে আহত ১৫

রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরার জসিম উদ্দিন রোডে গাজীপুরগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসকে ধাক্কা মারে তুরাগ পরিবহনের একটি বাস। এতে ক্ষণিকা বাসের লুকিং গ্লাস ভেঙ্গে যায়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তরা টাওয়ারের সামনে ওই বাসটিকে থামিয়ে গাড়ির চালক ও সহকারীকে মারধর করে। শিক্ষার্থীদের নিরস্ত করতে গেলে পুলিশের সঙ্গে বেঁধে যায় বাক-বিতন্ডা। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন ছাত্র-ছাত্রী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের আবু আশআরী, ক্ষণিকা বাস কমিটির সভাপতি হাসান আল আরিফ, মৃত্তিকা বিভাগের ছাত্রী জ্যোতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথী, মনিরা, নাঈম, তন্ময়, মাহাবুব, সাইফুল, তন্ময় (২), কোমল, হূদয়, বুলেট। এদের মধ্যে আশআরীর অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্ররা দাবি করেন, পুলিশ তাদের উপর হামলা করেছে। পুলিশ বুথে নিয়ে তাদের কয়েকজনকে বেদম মারধর করেছে। রাস্তায় ছাত্রীদেরও পিটিয়েছে। মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দেয়ার চেষ্টা করলে মোবাইলও কেড়ে নেয়। সংঘর্ষ চলাকালে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ছাত্রদের উত্তরা থানায় নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা ছাড়া পান। এ প্রসঙ্গে গতকাল রাত সাড়ে আটটার দিকে ড. আমজাদ আলী বলেন, ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হবে। একজন ছাত্র গুরুতর আহত হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে চিকিত্সাধীন। এর বাইরে আর কতজন আহত হয়েছে তা এখনই বলতে পারছি না। পুলিশের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।