মূল ফিচার

ভিন্ন জুটির গল্প...

ভালো মানের নাটক নির্মাণের জন্য মানানসই জুটির বিষয়টা জরুরি। মানানসই জুটি হলে একের সাথে অপরের অভিনয়টাও অনেক সুন্দর লাগে। সম্প্রতি তৌকীর আহমেদ ও রাখি জুটি বেঁধে অভিনয় করলেন ‘একটা গোপন কথা ছিল বলবার’ নামের একটি টেলিফিল্মে। আসছে ঈদের জন্য নির্মিত এই টেলিফিল্মের গল্প ও এই দুই তারকা জুটির কথা নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ ছোট পর্দায় বহু সফল গল্পের রূপকার হিসেবে দর্শকদের পছন্দের এক তারকার নাম তৌকীর আহমেদ। টিভি মিডিয়ায় তার বলবার মতো অর্জনের জায়গাটি তিনি তৈরি করে নিয়েছেন অনেক আগেই। তারপর থেকে একে একে শুধুমাত্র নিজের জনপ্রিয়তা আর অভিনয় দক্ষতার সাথেই যেন হাত ধরাধরি করে এগিয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেতা। এ কারণে টিভি নাটকের অভিনেতা হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে এখন আর বাড়তি কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তার কারণ, গুণী এই অভিনেতা অনেক আগেই নিজের কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করে নিয়েছেন। পরিপূর্ণ অভিনয়শিল্পী হওয়ার বাসনা নিয়েই মঞ্চ নাটকের সাথে সখ্যতা গড়ে তুলেছিলেন তিনি। আর মঞ্চের সেই সিঁড়িতে ভর করে অভিনেতা হিসেবে একসময় আমাদের টিভি নাটকেও দারুণ ভূমিকা রেখেছেন তৌকীর আহমেদ। মূলত তৌকীর আহমেদের জনপ্রিয়তা ব্যাপকভাবে শুরু হয় ‘রূপনগর’ শিরোনামের ধারাবাহিক নাটকের মাধ্যমে। এ নাটকে বিপাশা হায়াতের সাথে জুটি হয়ে কাজ করার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তৌকীর দর্শকদের বিভিন্ন চরিত্রে কাজের মাধ্যমে আনন্দ দিয়েছেন। পরবর্তীকালে ‘দারুচিনি দ্বীপ’ ও ‘রূপকথার গল্প’ নামের তৌকীর আহমেদ পরিচালিত দুটি চলচ্চিত্রও দর্শকদের গ্রহণযোগ্যতা পায়। নিজের অভিনীত চরিত্রগুলো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন মাত্রার চরিত্রের প্রতি আমি সব সময়ই দুর্বল। প্রতিটি নাটকের অভিনয়ের আগেই আমি হোমওয়ার্ক করি। অভিনয়ের জন্য চরিত্রকে বোঝা ও পর্যবেক্ষণ করার ক্ষমতা একজন অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে থাকতে হবে। আমি বরাবরই কোনো একটি চরিত্রে অভিনয় করার আগে স্ক্রিপ্ট ভালোভাবে পড়ি। পরিচালকের কাছে চরিত্র সম্পর্কে ব্রিফ নিই। এরপর ওই চরিত্রটি নিজের ভেতর ধারণ করি।’ তৌকীর আহমেদ পরিচালিত সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘ছায়াবৃতা’ বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। তার নির্মিত প্রথম খণ্ড নাটক ‘লন্ডনী কইন্যা’। অন্যদিকে মিডিয়ার প্রতি রাখির আগ্রহ ছোটবেলা থেকেই। এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও নিজেকে সামলে রেখেছেন দীর্ঘ সময়। আর সুযোগের প্রহর গুনেছেন মনের লালিত স্বপ্নপূরণে নোয়াখালীর এই কন্যা। তাই ২০১০ সালে প্রতিভাময়ীদের তারকা হওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম লাক্স-চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান। নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে রাখি শত শত তরুণীকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। তার ভাষ্যে, ‘লাক্সের অভিজ্ঞতা আসলে বুঝিয়ে বলতে পারব না। আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো লাক্স। ওখানে গিয়েই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল অনেক শেখার। আমার মনে হয়, লাক্স থেকে বের হয়ে কেউ এই অভিজ্ঞতা ভুলতে পারবে না। সত্যি বলতে কি, লাক্সের প্ল্যাটফর্মের জন্য আমাকে মিডিয়ার কাজ করতে সেভাবে স্ট্রাগল করতে হয়নি।’ লাক্স তারকার তক্মা নিজের নামের সাথে যুক্ত হওয়ার পর তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন আপন গতিতে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে ‘ক্লোজআপওয়ান টুথপেস্ট’, ‘ফেয়ার এন্ড লাভলী’, এলিট পেইন্টের ‘বৃষ্টির রঙ’, ‘সিলন টি’, ‘মেরিল লিপজেল’, ‘প্যারাসুট হেয়ারঅয়েল’ প্রভৃতি। শুধু মডেলিং নয়, অভিনয়েও বেশ দক্ষ এই লাক্স সুন্দরী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—এজাজ মুন্নার পরিচালনায় ধারাবাহিক ‘জেনারেশন নেক্সট’, তাহের শিপনের ‘বিবাহিত ব্যাচেলর’, সকাল আহমেদের ‘টার্মিনাল’ এবং এক খণ্ডের নাটক খলিলুর রহমান শাওনের পরিচালনায় ‘দোস্ত দুশমন’, সকাল আহমেদের পরিচালনায় ‘সংসার’, মিঠু বিশ্বাসের ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’, জুবায়ের ইবনে বকরের ‘নাটক হিট’ প্রভৃতি। এখন তার ব্যস্ততা ঈদের নাটক নিয়ে। এই তারকা জুটি সম্প্রতি অভিনয় করলেন আসছে ঈদের জন্য নির্মিত ‘একটা গোপন কথা ছিল বলবার’ শিরোনামের একটি টেলিফিল্মে। আসাদুজ্জামান সোহাগের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মার্শাল, রাহুল প্রমুখ। গল্পে দেখা যাবে, আদনান একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। আদনানের স্ত্রী অর্পিতা গরিব ঘরের মেয়ে। মা-বাবা ছোট বেলায় মারা যাওয়ায় সে চাচার কাছে বড় হয়েছে এবং খুব কম বয়সে অর্থাত্ ইন্টার পাস করার পরে বিয়ে হয়ে যায়। কিন্তু অর্পিতার ইচ্ছা ছিল অন্যরকম, সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর্ট কলেজে ভর্তি হবে। এমন স্বাধীন জীবনের গভীর বাসনা তাকে শুধু পরাধীনতার দিকেই টেনে নিয়ে যায়। বিয়েতে তার মত ছিল না একদম, ছেলের বয়স বেশি, তা ছাড়া সে এখন কিছুতেই বিয়ে করবে না। কিন্তু অর্পিতার দারিদ্রতা আর অদনানের উচ্চ অবস্থানের কাছে সব কিছু হার মানল। বিয়ের পরে আদনানের ভালোবাসা আর যত্নে ভালোই চলছিল অর্পিতার কিন্তু আদনানের অতিরিক্ত ব্যস্ততা অর্পিতাকে এত বেশি একা করে দেয় যে সব ভালোবাসা দিনে দিনে ফিকে হতে থাকে। তার সাথে যুক্ত হয় চিত্রশিল্পী হওয়ার মনবাসনা, স্বাধীন জীবনের কামনা ইত্যাদি। বিয়ের পরে চার বছর পার হয়ে যায় কিন্তু কোনো সন্তান আসে না তাদের ঘরে। অতি সাধারণ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি আর অশান্তি লেগেই থাকে। ঠিক এ রকম একটা সময় পাভেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয় অর্পিতার। মজার ব্যাপার হলো পাভেল একজন আর্টিস্ট যা অর্পিতা আগে থেকে জানত না। অর্পিতার যে প্রিয় ব্যালকনি যেখানে সে দিনের অধিকাংশ সময় কাটায় তার বাবুই পাখিদের সাথে সেই ব্যালকনির পাশের ছাদের চিলে কোঠায় থাকে পাভেল। খাঁচায় পোরা একটি ময়না পাখি আর রংতুলির সাথে দিন কাটে তার। ধীরে ধীরে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে—কেউ জানে না কোন দিকে যাচ্ছে তাদের সম্পর্ক। অন্যদিকে পারিবারিক অশান্তির দোলাচলে নিজের অজান্তেই আদনানের সাথে সম্পর্ক গভীর হতে থাকে তারই অফিসের এমডির মেয়ে লোপার। একসময় অর্পিতা ও আদনান উভয়ের কাছে এমন কিছু প্রমাণ হাজির হয় যে উভয় উভয়কে সন্দেহ করতে থাকে। পাভেল ও অর্পিতার মধ্যে ক্রমেই যোগাযোগ বাড়তে থাকে। কখনও ব্যালকনি থেকে ছাদে, কখনও অর্পিতার বাসায়, কখনও ফুচকা খেতে আবার কখনোবা রিকশায় কোথাও ঘুরতে যাওয়া। অর্পিতা মুক্ত আকাশে স্বাধীন জীবনের এক নতুন পৃথিবী খুঁজে পায়। অর্পিতার ইচ্ছায় পাভেল তাকে আর্ট শেখাতে শুরু করে। অন্যদিকে আদনানের ফেসবুকে লোপার কিছু মেসেজ আর ঘনিষ্ঠ কিছু ছবি সাংসারিক সম্পর্ক তলানিতে নিয়ে ঠেকায়। পাভেল অর্পিতাকে প্রায়ই একটা কথা বলতে চায় কিন্তু যেকোনো কারণে সেটা আর বলা হয় না। অর্পিতা শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করে, তার মনে হতে থাকে পাভেল বুঝি তাকে এক্ষুণি সেই কাঙ্ক্ষিত কথাটি বলবে। কিন্তু আর বলা হয় না। কী সেই কথাটি? তা জানতে হলে দেখতে হবে এই টেলিফিল্মটি। পরিচালক সৈয়দ জামিম বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এই নাটক। আমি চেষ্টা করেছি নাটকের গল্পটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। নাটকটি দর্শকের ভালো লাগলেই আমার সার্থকতা।’ তৌকীর আহমেদ ও রাখি চতুর্থবারের মতো একই সাথে অভিনয় করলেন এই টেলিফিল্মে। এর আগে তৌকীর আহমেদ ও রাখি একসাথে কাজ করলেও সৈয়দ জামিমের পরিচালনায় এবারই প্রথম তারা দুজন একসাথে কাজ করলেন। টেলিফিল্মটিতে তৌকীর আদনান ও রাখি অর্পিতা চরিত্রে অভিনয় করেছেন। তৌকীর আহমেদ রাখির সম্পর্কে বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে রাখি খুব ভালো করছে। যেহেতু তার বয়স কম তাই যদি সে এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সিরিয়াস হয়ে মনোযোগ দিয়ে কাজ করে যায় তাহলে আগামী দিনের একজন প্রধান শিল্পী হতে পারবে।’ আবারও তৌকীর আহমেদের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, ‘তৌকীর ভাই ভীষণ রকম সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। মানুষ হিসেবেও তিনি চমত্কার। অভিনয়ে আরও পরিপক্ক হওয়ার ক্ষেত্রে তিনি আমাকে বেশ সহযোগিতা করেন। আমাকে নানা রকম উপদেশও দেন তিনি। তার এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করে।’ তিনি আরও বলেন, ‘নাটকের গল্পটি অনেক মজার। এই চরিত্রটিতে অভিনয়েরও অনেক জায়গা রয়েছে। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’ উল্লেখ্য, লাক্স তারকা হওয়ার পরপরই রাখি বিপাশা হায়াতের রচনায় ও তৌকীর আহমেদের পরিচালনায় একুশে ফেব্রুয়ারির নাটক ‘বিস্ময়’তে অভিনয় করেন। এরপর একই পরিচালকের ‘বিহঙ্গ কথা’ টেলিফিল্মেও অভিনয় করেন। সর্বশেষ আবুল হায়াতের নির্দেশনায় তৌকীর-রাখি ‘অরণ্য মঞ্জুরী’ টেলিফিল্মে অভিনয় করেন।