পাঁচ প্রশ্ন
দিহান
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৮:১৫
অভিনয় নিয়েই সারাবেলার ব্যস্ততা দিহানের। সময়ের পালাবদলে তার কাজের ক্ষেত্র, পরিধি এবং ধারাও কিছুটা বদলে গেছে। নাটকের চরিত্রকে বুঝে নেওয়ার তাগিদে চরিত্রায়ণের অর্ন্তনিহিত গল্পও খুঁজে ফিরেন তিনি। শুরু থেকেই অভিনয় করছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে আবার গড়েছেন, এর মাধ্যমেই চরিত্রের সঠিক তত্ত্ব তুলে ধরেছেন দর্শকদের সামনে। আনন্দ বিনোদনের নিয়মিত আয়োজন পাঁচ প্রশ্ন বিভাগে দিহান তার সাম্প্রতিক ব্যস্ততাসহ বলেছেন কিছু ভাবনার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
কেমন যাচ্ছে আপনার সময়টা?
ব্যক্তিগত জীবন তো আর সামাজিক বা রাষ্ট্রীয় জীবনের বাইরে নয়, তাই রাষ্ট্রের যাবতীয় সকল কিছুই ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তারপরও বলতে গেলে সময়টা আমার জন্য পজেটিভ। আমার ক্যারিয়ারের পুরোটা সময়ই আমার জন্য ইতিবাচক। কেননা আমি আগেও যেমন কাজ করেছি এখনও ঠিক তেমনই কাজ করে যাচ্ছি। কাজের ক্ষেত্রে আমি অনেক পরিমিত। কাজটা ভালোবেসেই করতে চাই।
বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?
কাজ নিয়ে কখনও আমার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। আমি কখনও এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে, সব সময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে। এই ভাবনা আমাকে কখনও তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেত্রী হিসেবে। বর্তমানে কাজের ব্যস্ততা একটু বেশি। ‘অলসপুর’, ‘কাহিনী’সহ আমার আরও কয়েকটি ধারাবাহিক অনএয়ারে যাচ্ছে। আর কিছু নাটকের শুটিংও চলছে।
কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
আমি সবধরনের চরিত্রেই কাজ করতে পছন্দ করি। তবে বিশেষ পছন্দের কথা বলতে গেলে আমি যা নই সেই চরিত্রে অভিনয়টা বেশি উপভোগ করি। চরিত্রের সঙ্গে নিজেকে রূপান্তর করাটা একটা নেশা বলতে পারেন। আর এ সময়ে তো আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। এখন আর নির্দিষ্ট প্রেম-ভালোবাসার মধ্যে আমাদের নাটক আটকে নেই। দৈনন্দিনের নানা ধরনের ঘটনাগুলোই উঠে আসছে আমাদের নাটকগুলোতে, সে ক্ষেত্রে এ সময়ের নাটকগুলো অনেক বেশি জীবনঘনিষ্ঠ। এই ধারায় এক ঘণ্টার নাটকের চরিত্রের মাঝে অনেক বৈচিত্র্য থাকে, এখানে অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ পাওয়া যায়।
নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
অনেকেই ভাবে দর্শকরা অনেক বোকা। আসলে কিন্তু তা নয়। দেখা গেল নাটকের টাইটেল দেখানোর পরই শুরু হয়ে গেছে বিজ্ঞাপন এ সময় মাঝে মাঝে আমার মনে হয় আমরা দর্শকদের নাটক দেখাতেই চাই না। এর পরিত্রাণের উপায় চ্যানেলগুলোর হাতেই আছে। তারা চাইলেই বিষয়টিকে একটি ফরম্যাটে নিয়ে আসতে পারে। আর আমাদের ইদানীংকার স্ক্রিপ্টগুলো মনে হয় অনেক দুর্বল। দর্শকদের ধরে রাখার মতো মানসম্মত নয়। বাধ্য হয়ে দর্শক বিদেশি চ্যানেলগুলোর প্রতি ঝুঁকে পড়ে। ভালো গল্প হলে দর্শক অবশ্যই তা দেখে।
আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু?
আজকে আমি বনানী থেকে উত্তরা যাচ্ছিলাম। রাস্তার পাশেই দেখলাম ছোট দুটি বাচ্চাসহ একজন মহিলা পড়ে আছে। গাড়ি থেকে নেমে গেলাম বিষয়টি দেখার জন্য। তারপর মহিলাকে জিজ্ঞেস করতেই সে জানালো আড়াই দিন হলো সে সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে ঢাকায় এসেছে এবং এই আড়াইদিনই সে না খাওয়া। তারপর তাকে আমি বাসায় নিয়ে এলাম, তাদের গোসল শেষে নতুন কাপড় দিলাম। এরপর তাদের খেতে দিলাম। আমি দাঁড়িয়ে থেকে তিনজনের খাওয়া দেখলাম। আমার এত কষ্ট লেগেছে যে, মনে মনে ভাবছিলাম আমার দেশের মানুষ ভাত খাওয়ার জন্য কত কষ্ট করে। দেশের একজন নাগরিক হিসেবে আমার একটাই চাওয়া—মানুষ যেন ভাতের কষ্ট না পায়।