পেছনের মানুষ

বৈচিত্র্যময় নির্মাণের আনন্দে

ভালো কাজের মাধ্যমেও নিজের যোগ্যতার প্রমাণ মেলে। তার জন্য প্রয়োজন বৈচিত্র্যময় কাজ, যা মানের দিক থেকে পুরোপুরি ষোলাআনা। বৈচিত্র্যময় নির্মাণের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন নাট্যনির্মাতা সত্যজিত্ রায়। এই গুণী নির্মাতাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত মানুষ বেঁচে থাকে স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন না থাকলে যেন মানুষের বাঁচাটা অর্থহীন হয়ে পড়ে। আবার সত্ মনোভাব নিয়ে স্বপ্নের বাস্তবায়নে চেষ্টা করলে একজন মানুষের স্বপ্ন পূরণ হয় ঠিকই। তেমনি নাট্যনির্মাতা সত্যজিত্ রায়ও নিজেকে পরিচালক হিসেবে তৈরি করেছেন একটু একটু করে। নিজের স্বপ্ন পূরণ হওয়াটাও তারই চেষ্টার ফসল। তার ভাষ্যে, ‘গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে যখন আশপাশের বাড়িগুলোর দিকে তাকাই, মনে হয় একেকটি বাড়ি যেন শুধুই কোনো বাড়ি নয়। তাতে আছে বেঁচে থাকার নানা রকম গল্প। এই রাতে কেউবা ঘুমাচ্ছে, কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কেউ ফোনে কথা বলছে সেটা হতে পারে কোনো সুখানুভূতি কিংবা দুঃখানুভূতির কথামালা। এই রাতেই হয়তো সূচনা হচ্ছে কোনো নতুন সম্পর্কের কিংবা ভেঙে যাচ্ছে অনেক দিনের পুরোনো কোনো সম্পর্ক। কান পাতলে হয়তো শোনা যাবে কোনো নতুন প্রাণের স্পন্দন কিংবা ঝরে যাওয়া কোনো প্রাণের আকুতি। এমনিভাবে একেকটি রাত যেন হাজারো গল্পের জন্ম দিয়ে যাচ্ছে যুগের পর যুগ। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে নিয়ে যখন এসব ভাবি মাঝে মাঝে পাগল হয়ে যাই। গুলিয়ে আসে চিন্তাভাবনাগুলো। ঝাপসা হয়ে আসে চোখ। সৃষ্টিকর্তার কাছে হাতজোড় করে প্রার্থনা করি যেন আলাউদ্দিনের কোনো আশ্চর্য চেরাগের বলেই হোক কিংবা অন্য যেকোনো উপায়েই এই গল্পগুলো শোনার বা জানার মতো কোনো আশ্চর্য ক্ষমতা লাভ করি। যদিওবা এই চাওয়াটা পুরোটাই অলীক কিন্তু বাস্তবতা হলো জীবনের চেয়ে বড় গল্পের রসদ আর কিছুই হতে পারে না। ছোটবেলায় রচনা লিখতে গিয়ে মুখস্থ করে না লিখতে পেরে যখন বানিয়ে লিখতাম তখন মা খাতা কেটে দিয়ে বকাঝকা করে বলত, ‘তোরে দিয়ে লেখাপড়া হবে না। যেদিন লেখক হবি সেদিন বানিয়ে লিখবি, এখন না।’ আর এখন যখন কোনো গল্প বা পাণ্ডুলিপি লিখতে বসি তখন এইকথাগুলোই মনে আসে বারবার। সত্যি কি আমি কোনোদিন লেখক হতে পারব? নির্মাতা বলতে যা বোঝায় তেমন কেউ হতে পারব? বন্ধু মহলে মাঝেই মাঝেই আমাকে একটু বিব্রত হতে হয় যখন তারা সদ্য মুক্তি পাওয়া কোনো সিনেমা বা কোনো সিরিয়ালের চমকপ্রদ গল্প নিয়ে আলোচনা করে আর তাতে আমাকে নির্বাক শ্রোতা হয়েই থাকতে হয়। কেননা আমি হয়তো সেই সিনেমা বা সিরিয়াল সম্পর্কে কিছুই জানি না। তখন কেউ কেউ একজন নির্মাতা হওয়ার পরও আমি এসব খবর রাখি না বলে খুব হাসি-ঠাট্টা করে। তবে আমি তার প্রতিবাদ খুব একটা করিও না, কারণ সাধারণ দৃষ্টিভঙ্গিতে তাদের কথা হয়তোবা যুক্তিসংগত কিন্তু আমার কাছে তা একেবারেই ভিন্ন আর ব্যক্তিগত। কেননা আমি হয়তো খুব বেশি সিনেমা দেখি না, বই পড়ি না কিন্তু আমি যা করি তা হলো জীবনকে খুব কাছে থেকে উপলব্ধি করি, প্রতিটি ঘটনার একেবারে গভীরে গিয়ে নিরীক্ষা করি। জীবন থেকেই আমি গল্প খুঁজে পাই প্রতিনিয়ত। আর যখন কোনো খুব ভালো সিনেমা দেখি তখন তার গল্প বা ঘটনা প্রবাহ এমনভাবেই আমাকে প্রভাবিত করে যে এরপর যাই ভাবতে যাই সেটার মাঝেই ওই সিনেমার গল্পের ছায়া চলে আসে যা থেকে একেবারেই বের হতে পারি না। এটা আমার দুর্বলতা কিংবা সীমাবদ্ধতা যাই হোক সেটাকে মেনে নিয়েই চলি আর তাই খুব বেশি সিনেমা দেখি না কিংবা যখন দেখি আমার পুরো মনোযোগটা ঘটনাপ্রবাহের চেয়ে থাকে নির্মাণ শৈলীর দিকে। তাই যারা আমার সাথে টিভি দেখতে বসে তারা সবাই খুবই বিরক্ত হয় আর এই সারিতে সবার আগে থাকবে যার নাম সে হলো আমার স্ত্রী দীপান্বিতা। তবে তার উত্সাহ কিংবা অনুপ্রেরণাও কম নয়। রাতের পর রাত আমার সাথে জেগে থেকে আমার চিন্তার সঙ্গী হয় সে। যখনই সময় পায় আমার জন্য গল্প লিখে, আমাকে নতুন নতুন ঘটনা শোনায়। আমার মনে হয় সার্থক শিল্প সৃষ্টির পেছনে পরিবারের এই সহযোগিতাটা খুবই প্রয়োজন। আর এই দিক থেকে আমি খুবই ভাগ্যবান। যেদিন আমার বানানো কোনো নাটক টিভিতে প্রচার হয়, বাবা তার অফিসের সবাইকে, বন্ধুবান্ধবদের ফোন করে দেখার অনুরোধ করে এবং প্রায়ই বাসায় না এসে তাদের সাথে একসাথে দেখে। এই সুযোগে আরেকজন মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ কতে চাই, আর সে হলো আমার দাদা বিশ্বজিত্ সাহা। জীবনের এক কঠিন সময়ে যার সহযোগিতা আজ আমাকে কিংবা আমাদের স্বপ্নগুলোকে আলোর মুখ দেখাতে সহায়তা করেছে। আর সেই ধারাবাহিকতায় জন্ম হয়েছে আরেক স্বপ্নঘর যার নাম ইনভেনশন। আমার জন্ম, বেড়ে ওঠা সবকিছুই পুরান ঢাকাতে। এখানকার অলিগলি, ধুলিকণা সব কিছুই আমার আত্মার সাথে গাঁথা। পুরান ঢাকা নিয়ে বহু নির্মাতাই বহু নাটক নির্মাণ করেছেন কিন্তু প্রকৃত পুরান ঢাকার জীবন চিত্র এখনও কেউ সেভাবে দেখাতে পারেননি। মাঝে মাঝেই সেটা তার সত্তা হারিয়ে হাসি-তামাশার বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। পুরান ঢাকার প্রকৃত জীবনচিত্রকে তুলে ধরা আমার এক অন্যতম স্বপ্নই বলা যায়। একজন নির্মাতার স্বপ্নের কখনও কমতি নেই। আমিও তার ব্যতিক্রম নই। নাটক প্রযোজনা করতে গিয়ে বাংলাদেশের অনেক বড় বড় গুণী নির্মাতার খুব কাছাকাছি থাকার কিংবা একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আর সেখান থেকে শেখাটাও হয়েছে অনেক। এখন পর্যন্ত আমাদের প্রযোজিত প্রায় তিন ডজনের অধিক নাটকের বাইরে আমার নির্মিত বেশ কয়েকটি নাটকও প্রচার হয়েছে। আসছে বাবা দিবসের জন্য প্রচারের অপেক্ষায় আছে ‘ধূসর স্মৃতি আর কিছু সাদা-কালো ফ্রেম’। এই নাটকটির মূল ভাবনা আর পাণ্ডুলিপি লেখা এই দুটো কাজই করেছে আমার স্ত্রী দীপান্বিতা। এই নাটকের মাধ্যমে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা শাহীন খান। বর্তমানে তিনটি নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। যার একটি জনপ্রিয় সাহিত্যিক ও কিংবদন্তি হুমায়ূন আহমেদ স্যারের জন্য উত্সর্গ করে। আর বাকি দুই নাটকের নাম ‘টোনা-টুনির ঘরবসতি’ ও ‘স্বরবালা কেবিন’। হতাশা একজন নির্মাতার শিল্পসঙ্গী। আর এই শিল্পসঙ্গীটিই আসলে প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টির পিছনে প্রভাবক হিসেবে কাজ করে। আর সকাল থেকে সন্ধ্যা অবধি কর্মজীবনের নানা ব্যস্ততা সামলে সৃষ্টিশীল কিছু করার কিংবা চিন্তা করার সময় ও সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অকৃত্রিম ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে ও আমার চারপাশের অনুপ্রেরণাদানকারী ও সমালোচনাকারী সব মানুষকে।’