বলিউড

সবচেয়ে কাঙ্ক্ষিত দীপিকা

দীপিকা পাড়ুকোন অভিনীত ‘রেস টু’ ছবিটি চলতি বছরের গত পাঁচ মাসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ব্যবসায়িক সাফল্যের বিচারে এখনও শীর্ষ রয়েছে। ১৯০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। এ ছবির বিরাট সাফল্যের রেশ না কাটতেই দীপিকা আবার আরেকটি নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন এ সপ্তাহে। ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অনেকদিন পর পুরোনো প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে পর্দাজুটি বেঁধে আসছেন এই অভিনেত্রী। এরইমধ্যে ব্যাপক প্রচারণার সুবাদে মুক্তিপ্রতীক্ষিত ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীপিকা বর্তমানে ব্যস্ত বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে। তার ক্যারিয়ারের নানা দিক, আগামী দিনের সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন অল্প কিছুদিন আগে অনলাইন ভোটিংয়ে ভারতে ২০১২ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হয়েছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত ৫০ নারী একটি তালিকা প্রকাশ করে ‘টাইমস’। এতে সবেচেয়ে বেশি ভোট জমা পড়েছে দীপিকার ঝুলিতে। নির্বাচনের এ প্রক্রিয়ায় ভোট দিয়েছেন সাত লাখেরও বেশি মানুষ। তালিকায় দীপিকার পরের দুটি অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুর। অনলাইন ভোটিংয়ের ফলাফলে দীপিকার শীর্ষ অবস্থানে থাকার বিষয়টি তার জনপ্রিয়তার প্রমাণ দেয়। তবে এটি অবাক করেনি অনেককেই। কারণ এটাই যেন দীপিকার প্রাপ্যই ছিল। সৌন্দর্য, অভিনয়ের মেধা ও যোগ্যতাই যেন দীপিকার জন্য শীর্ষ অবস্থান নির্দিষ্ট করেছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত ‘রেস টু’ কিংবা গত বছরের ‘ককটেল’ ছবিগুলো যারা দেখেছেন তারা দীপিকার প্রতি দারুণ মুগ্ধ—এতে কোনো সন্দেহ নেই। গতানুগতিক রোমান্টিক নায়িকার খোলস ভেঙে সম্পূর্ণ ভিন্ন ইমেজের আলাদা আলাদা দুটি নারী চরিত্রে পর্দায় উপস্থিত হয়েছেন তিনি। দর্শক দুই ছবিতেই দীপিকার পারফর্মেন্সে চমকিত হয়েছেন। মুক্তি প্রতীক্ষিত ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আবার অনেকদিন পর দীপিকা রণবীর কাপুরের সঙ্গে পর্দাজুটি বেঁধেছেন। পাঁচ বছর আগে ‘বাচনা হ্যায় হাসিনো’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীরকে। ওই ছবিতে তাদের পর্দা প্রেম বেশ সাড়া জাগিয়েছিল। পর্দার বাইরে বাস্তবেও গড়িয়েছিল তাদের প্রেম। একসময় সেই প্রেমেও ভাঙন ধরে। কিন্তু সব রাগ-অভিমান ছাপিয়ে আবারও বন্ধুত্বের সম্পর্কে ফিরে গেছেন রণবীর-দীপিকা। একসঙ্গে অভিনয়ও করেছেন ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে। এখানে রণবীর ও দীপিকা ‘বান্নি’ ও ‘নায়না’ চরিত্রে রূপদান করেছেন। তারা দুজন কলেজ জীবনের বন্ধু। দীর্ঘদিনের সম্পর্ক তাদের। তাদের দুজনের মধ্যে পুরোপুরি প্রেম না হলেও বন্ধুত্বের চেয়ে গভীর একটি সম্পর্ক ছিল। যে কারণে পরস্পরের প্রতি দুর্বলতা ছিল। কলেজ জীবনের শেষে বান্নি ও নয়নার মধ্যকার সম্পর্ক ভেঙে না গেলেও তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। দূরে সরে গেলেও বান্নি নায়নার শূন্যতা বুকের গভীরে অনুভব করে। নায়নাও বান্নির প্রতি আকর্ষণ অনুভব করলেও তার কাছে যেতে পারছিল না। এভাবেই দিন কাটছিল নানা টানাপোড়েনের মধ্যে। এর মধ্যে তাদের দুজনেরই বন্ধু অদিতি ও অভির বিয়ে উপলক্ষে বান্নি ও নায়না পরস্পরের মুখোমুখি হয়। আবার অনেকদিন পর তাদের দেখা হলে অদ্ভুত এক অনুভূতি হয় উভয়ের মনে। কীভাবে মনের গভীরে জমে থাকা কথাগুলে খুলে বলবে ভেবে পায় না তারা। বিয়ের অনুষ্ঠানের ফাঁকে নানা ঘটনায় আবার বান্নি ও নায়নার মধ্যে ভালোবাসা নতুনভাবে পল্লবিত হতে থাকে। আগে যা বলা হয়নি, তা বিভিন্নভাবে প্রকাশ পেতে থাকে। নতুন করে স্বপ্নের বাসর গড়তে থাকে তারা। কিন্তু এর মাঝে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যায়। বান্নি ও নায়নার প্রেমময় জীবনে অনিশ্চয়তা দেখা দেয়। এ রকম রোমান্টিক নাটকীয়তাপূর্ণ কাহিনীর ছবিতে প্রেমিক-প্রেমিকা জুটি হিসেবে রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোনের আবার ফিরে আসাটা বলিউডে বেশ সাড়া জাগিয়েছে। যখন তারা পরস্পরের কাছ থেকে দূরে সরে গেলেন তখন সবাই ধরে নিয়েছিলেন রুপালি পর্দায় আর কখনও তাদেরকে জুটি হিসেবে দেখা যাবে না। পাঁচ বছর আগে ‘বাচন হ্যায় হাসিনো’ ছবিতে রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্কের রসায়নটা বেশ জমেছিল। দর্শক হিন্দি সিমেনার একটি পারফেক্ট রোমান্টিক জুটি হিসেবে দারুণভাবে গ্রহণ করেছিল তাদের। অনেকদিন পর আবার দীপিকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে রণবীর কাপুর অনেকটা উচ্ছ্বাসিত হয়ে বলেন, ‘দীপিকা এবং আমি সমসাময়িক বলা যায়। ২০০৮-এ আমরা প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলাম ‘বাচনা হ্যায় হাসিনো’ ছবিতে। তখনই তাকে ভীষণ সম্ভাবনাময়ী মনে হয়েছিল। আমার মনে প্রত্যাশা জেগেছিল খুব দ্রুত দীপিকা বেশ ভালো একটি পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু সে যে গত পাঁচ বছরে এতটা ভালো একজন অভিনেত্রী হিসেবে বিকশিত হবে আমি তা ধারণা করতে পারিনি। ‘ইয়ে জোয়নি হ্যায় দিওয়ানা’ ছবিতে আবার কাজ করতে গিয়ে এটা আমি উপলব্ধি করেছি।’ রণবীর এই প্রজন্মের অন্যান্য নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও দীপিকার সঙ্গে তার পর্দা রসায়ন দর্শকদের সবচেয়ে বেশি আলোড়িত করেছে। প্রেমের সম্পর্ক চুকে গেলেও রণবীর দীপিকাকে সবচেয়ে ভালো সহশিল্পী মনে করেন। দীপিকা তার ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ খানের মতো সুপারস্টার অভিনেতার বিপরীতে নায়িকা হওয়ার মাধ্যমে। এরপর ইমরান খান, সাইফ আলি খান, ফারহান আখতার, অক্ষয় কুমার, জন আব্রাহাম প্রমুখের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে আমির খান ও সালমান খানের সঙ্গে এখনও কোনো ছবি করা হয়নি। দীপিকার খুব ইচ্ছে সালমান খানের সঙ্গে ছবি করার। সম্প্রতি এক সাক্ষাত্কারে অকপটে বলেও ফেলেছেন মনের কথা, ‘আমার মতোই দারুণ রোমান্টিক সালমান খান। আর আমরা দু’জনে একসঙ্গে যদি কোনো ছবি করতে পারতাম সেটি হতো সুপার রোমান্টিক ককটেল।’ ২৭ বছর বয়সী দীপিকা বর্তমানে নতুন প্রজন্মের আরেক আলোচিত নায়ক রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’-এর গল্প অবলম্বনে ভারতের গুজরাটের পটভূমিকায় নির্মিত হচ্ছে ‘রামলীলা’ ছবিটি। এ ছবিতে ভারতীয় জুলিয়েট লীলা সেজে দর্শকদের সামনে আসছেন দীপিকা পাড়ুকোন। আগামী ঈদে আসছে ‘চেন্নাই এক্সপ্রেস’। ছবিতে দ্বিতীয়বারের মতো বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে দীপিকাকে দেখা যাবে। চলতি বছরে ‘রেস টু’, ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘রামলীলা’র মতো চারটি উল্লেখযোগ্য ছবি তার ক্যারিয়ারে নতুন ডাইমেনশন সৃষ্টি করবে সন্দেহ নেই।