হলিউড

এবারের কান চলচ্চিত্র উত্সব

এবারের ৬৬তম কান চলচ্চিত্র উত্সব মে মাসের ১৫ তারিখে শুরু হয়ে ২৬ তারিখে শেষ হয়। বরাবরের মতই ঝলমলে সব আলোর জগতের শিল্পীদের দিয়ে ভরা ছিল কানের আসর। নামিদামি শিল্পীদের পদচারণায় মুখরিত ছিল এবারের কান। লিখেছেন প্রাঞ্জল সেলিম বিশ্ব চলচ্চিত্রের যারা খোঁজখবর রাখেন তাদের মধ্যে কান চলচ্চিত্র উত্সবের নাম শোনেনি, এমন মানুষ খুব কমই রয়েছে। এই উত্সব অনেক ছবি বা শিল্পীর ঝুলিতে এনে দিয়েছে পুরস্কার আর অনেকে ফিরে গিয়েছে খালি হাতে। তবে কান উত্সবের লাল গালিচায় হাঁটাও অনেকে সৌভাগ্য হিসেবে মনে করে। প্রতি বছর মে মাসে ফ্রান্সের রিজোর্ট শহর কানে এই উত্সবটি হয়ে থাকে। অস্কারের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও পৃথিবীর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র উত্সব এটি। এখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের সেরা ছবি ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সেগুলোর মধ্য থেকে জুরি বোর্ড মনোনীত ছবিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এই উত্সবের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই উত্সবে আর্ট ফিল্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৩০ সালে এই ধরনের একটি চলচ্চিত্র উত্সবের কথা চিন্তা করা হয়। সে সময় ইতালি ও জার্মানির ফ্যাসিস্ট সরকার চলচ্চিত্রের উপর নানা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বিভিন্ন উত্সবের চলচ্চিত্র নির্বাচনেও হস্তক্ষেপ করছিল। এই প্রেক্ষিতে ফিলিপ এর্লেঙ্গার ফ্রান্সে একটি আন্তর্জাতিক সিনেমাটোগ্রাফিক উত্সবের প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন দেয় যুক্তরাজ্য ও মার্কিন চলচ্চিত্র নির্মাতারাও। ভেন্যু হিসেবে অনেক শহরের নামই প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় ‘কান’কে। ১৯৩৯ সালের সেপ্টেম্বরে প্রথম উত্সব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের ১ তারিখে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ শেষ হলে ১৯৪৬ সালে অনুষ্ঠিত হয় প্রথম কান চলচ্চিত্র উত্সব। ১৬টি দেশ এতে অংশ নেয়। ১৯৪৮ ও ১৯৫০ সালে বাজেটের সমস্যার কারণে এই উত্সব হয়নি। এই উত্সবের সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ‘গোল্ডেন পাম’-কে। এই পুরস্কার ১৯৫৫ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৬২ সাল থেকে শুরু হয় ইন্টারন্যাশনাল ক্রিটিক উইক। প্রথম উত্সবটি অনুষ্ঠিত হয় কানের ‘ওল্ড ক্যাসিনো’তে। পরের বছরই উত্সবের জন্য বিশেষভাবে তৈরি করা ‘প্যালেস ডিস ফেস্টিভ্যালস’-এ উত্সবটির আয়োজন করা হয়েছিল, তখনও প্যালেসের ছাদের কাজ শেষ হয়নি। সবচেয়ে মজার বিষয় হলো, ঝড়ো বাতাসের মাঝে ছাদহীন প্যালেসেই চলেছিল উত্সব। এরপরে ১৯৮৩ সালে উত্সবের জন্য আরও বড় আকারে তৈরি করা হয়েছিল ‘প্যালেস ডিস ফেস্টিভ্যালস অ্যাট দেস কংগ্রেস’। এটি ‘দি বাঙ্কার’ নামেও পরিচিত। উত্সবটি আগে মাসব্যাপী হলেও ১৯৭৮ সালে তত্কালীন কান উত্সবের প্রেসিডেন্ট জাইলস জ্যাকব উত্সবটিতে বেশ কিছু পরিবর্তন আনেন। এর মধ্যে ছিল উত্সবটির পরিধি এক মাস থেকে কমিয়ে ১৩ দিনে আনা। এ ছাড়া তিনি প্রতিযোগিতার ছবির সংখ্যাও সীমাবদ্ধ করে দেন। ২০০২ সালে উত্সবটি আনুষ্ঠানিকভাবে ‘ফেস্টিভ্যালস ডি কান’ বা ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’ নাম গ্রহণ করে। এবারের ৬৬তম কান বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাকর কান চলচ্চিত্র উত্সবের ৬৬তম আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাম ডি’অর জয় করেছে ‘লা ভি দ্য দেল—চ্যাপ্টার ১ ও ২’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের ২০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা থেকে ফরাসি পরিচালক আবদেলেতিফ কিশচিশের এই ছবিটিই বেছে নেন বিচারকরা। সমকামী প্রেমের ছবি ‘লা ভি দ্য দেল’-এ ১০ মিনিট ধরে দুই তরুণীর অন্তরঙ্গ প্রেমের একটি দৃশ্য নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বিচারকরা। তবে স্টিফেন স্পিলবার্গের নেতৃত্বাধীন বিচারকমণ্ডলী শেষ পর্যন্ত আবদেলেতিফ কিশচিশের পক্ষেই রায় দেন। স্পিলবার্গ বলেন, ‘এই পুরস্কার পরিচালক কিশচিশে এবং তার সিনেমার দুই প্রধান চরিত্রের অভিনেত্রী আদেল এক্সারকোপোলিস ও লিয়া সেডু’র মধ্যে ভাগাভাগি হওয়া উচিত। এই চলচ্চিত্রের সাফল্যের পেছনে দুই অভিনেত্রীর ভূমিকাই প্রধান।’ স্পিলবার্গ আরও বলেন, ‘আমি মনে করি এটি (লা ভি দ্য দেল) অনেকবার প্রদর্শিত হবে। আমি মনে করি এই চলচ্চিত্র একটি জোরালো বার্তা বহন করছে, অত্যন্ত ইতিবাচক সেই বার্তা।’ আবদেলেতিফ কিশচিশে তিউনিশিয়ায় জন্মগ্রহণকারী একজন অভিনেতা। তার পরিচালক হিসেবে অভিষেক হয় ২০০০ সালে। পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগ আপ্লুত হয়ে যান। এ পুরস্কার ফরাসি তরুণ এবং তিউনিশিয়ার আরববসন্তের সূচনাকারী তরুণদের উত্সর্গ করেন তিনি। এবারের কান চলচিত্র উত্সবে মেক্সিকোর আমেত এসকালানতে তার ‘হেলি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জয় করেন। আর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ৭৬ বছর বয়সী ব্রুস ডের্ন ‘নেবরাস্কা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার এবং ফরাসি অভিনেত্রী বিজিনিস বিজু ইরানি চলচ্চিত্র ‘লু পাসে’ (দ্য পাস্ট) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয় করেন।