স্যাটেলাইট

পাল্টে যাওয়া সংসারের চিত্র

সম্প্রতি স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে সিরিয়াল ‘এক ঘর বানাওগা।’ পারিবারিক গল্পনির্ভর নতুন এই হিন্দি সিরিয়ালটি এরমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় ঠাঁই পেয়েছে। সংসারে ছেলেমেয়েদের অবস্থান এবং বিয়ের পর পাল্টে যাওয়া সংসারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। স্টার প্লাস চ্যানেলের নতুন সিরিয়াল ‘এক ঘর বানাওগা’ নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন ছোট পর্দায় এখন বৈচিত্র্যপূর্ণ গল্পের সিরিয়ালের সংখ্যাই বেশি। অতীতে এক সময়ে পারিবারিক গল্পের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল বেশির ভাগ হিন্দি সিরিয়াল। এখনও প্রচুর দর্শক পারিবারিক গল্পনির্ভর সিরিয়াল দেখতেই বেশি পছন্দ করেন। তেমন দর্শকের চাহিদার কথা বিবেচনা করে স্টার প্লাস চ্যানেলে আনা হয়েছে নতুন সিরিয়াল ‘এক ঘর বানাওগা’। এই সিরিয়ালের প্রধান পাত্রপাত্রী আকাশ ও পুনম। তারা দু’জনই ভিন্ন সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আকাশ চমত্কার স্বভাবের একটি ছেলে। নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল। বাবার ব্যবসা দেখাশোনা করে সে। বিয়ের ডেকোরেশন এবং ক্যাটারিংয়ের ব্যবসা তাদের। আকাশ বেশ ভালোভাবেই তাদের পারিবারিক ব্যবসা চালাচ্ছে। ওদিকে পুনম একজন শিক্ষিত তরুণী, এখনও পড়াশোনা শেষ হয়নি তার। একটি দুর্ঘটনায় পড়ে পুনম এবং তার পরিবার। সেই ঘটনায় আকাশের সাথে পুনমের পরিচয়। পুনমের বাবা ও ভাই আমেরিকায় আর্থিক সংকটের মুখোমুখি হলে তারা পুনমের সঙ্গে তার কলেজের তরুণ লেকচারার গৌতমের বিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করেন। গৌতম ভদ্র শিক্ষিত ছেলে হলেও তার পরিবার সুশিক্ষিত নয়। পরিবার আচরণও বেশ রূঢ়, তাদের মনে দয়ামায়া বলতে কিছু নেই। আকাশ বহুবার পুনমের সঙ্গে দেখা করে। পুনমকে তার ভালো লাগার কথা বলতে গিয়েও বলতে পারে না। আকাশ বাড়িতে তার বোন ও দাদির কাছে মনের সব কথা অকপটে খুলে বলে। একদিন রাস্তায় দুই বখাটে যুবক পুনমকে উত্ত্যক্ত করতে থাকলেও চুপ করে থাকে সে। বাড়িতে ফিরে নিরীহ ও ভদ্র স্বভাবের বাবার কাছে বিষয়টি খুলে বলতে পারে না। একদিন পুনমদের বাড়িতে আকাশ এলে বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়। পুনমের বাবার সঙ্গে আকাশের বচসা হয়। পুনম আকাশকে ভুল বোঝে। তার ওপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়। পুনমকে তার বান্ধবী, মা এবং বাবা নানাভাবে বোঝায়। এক সময় আকাশ জানতে পারে কলেজ শিক্ষক গৌতমের সঙ্গে পুনমের বিয়ে ঠিক হয়ে গেছে। তার হূদয় ভেঙে যায় পুনমের বিয়ের কথা শুনে। বাড়ি ফিরে আসে আকাশ। বাড়ি ফিরে জানতে পারে তার বোনকে দেখতে এসেছিল একটি ছেলে এবং তার পরিবার তাদের অপমান করেছে। ক্ষোভে ফুঁসে ওঠে আকাশ। তাদের সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় সে। ‘এক ঘর বানাওগা’ সিরিয়ালের গল্পে আকাশ একসময় পুনমকে বিয়ে করে নতুন জীবন শুরু করে। বিয়ের পর শ্বশুরবাড়িতে তার ভূমিকা ও দায়িত্ব বেড়ে যায়। মেয়ের জামাই হলেও একসময় শ্বশুর-শাশুড়ির কাছে ছেলের মতো হয়ে ওঠে আকাশ। সেও পুনমদের পরিবারের সব দায়দায়িত্ব কাঁধে তুলে নেয়। এটা এখন অধিকাংশ পরিবারেই দেখা যায়। বিয়ের পর সংসারে ছেলে, মেয়ে, মেয়ের স্বামীর বদলে যাওয়া অবস্থান ও দায়দায়িত্বের বিষয়গুলো ‘এক ঘর বানাওগা’ সিরিয়ালে চমত্কারভাবে তুলে ধরা হচ্ছে। সিরিয়ালটি দেখতে বসে বেশিরভাগ দর্শক এর গল্পের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারছেন। সিরিয়ালটি দেখে অনেক ছেলেই নিজের পরিবারে এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে তার দায়িত্ব সম্পর্কে ভালো একটি শিক্ষা গ্রহণ করতে পারবে। স্রেফ ছেলে বা মেয়ের জামাই হিসেবে নয়, ভালো স্বামী হিসেবে কেমন দায়িত্ব পালন করতে হবে তারও দিকনির্দেশনা রয়েছে সিরিয়ালটিতে। একইভাবে বিয়ের পর শ্বশুরবাড়িতে বউ হয়ে ঢোকার পর একটি মেয়ে নতুন পরিবেশের সঙ্গে কীভাবে খাপ খাওয়ায়, কীভাবে নিজেকে বদলে নিয়ে স্বামীর সংসারের হাল ধরে এবং সুচারুভাবে দায়িত্ব পালন করে সে বিষয়টিও উঠে এসেছে ‘এক ঘর বানাওগা’ সিরিয়াল। পারিবারিক গল্পের সিরিয়ালগুলো দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি শিক্ষামূলক হতে পারে—এই সিয়ািলটি যারা দেখছেন তারা অকপটে স্বীকার করবেন। ‘এক ঘর বানাওগা’ সিরিয়ালে পুনম চরিত্রে রূপদান করছেন ঈশিতা দত্ত। অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আন্তরিক চেষ্টা করছেন এই অভিনেত্রী। আকাশ চরিত্রে অভিনয় করছেন রাহুল শর্মা। স্টার প্লাস চ্যানলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘এক ঘর বানাওগা’ সিরিয়ালটি দেখানো হয়।