অ্যালবাম
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৮:২১
নতুন করে পাওয়া
গানের দল কয়্যার বাংলার প্রথম অ্যালবাম ‘নতুন করে পাওয়া’ প্রকাশিত হয়েছে। নতুন করে পাওয়া অ্যালবামে রয়েছে নজরুলের ছয়টি গান ও রবীন্দ্রনাথের দুটি গান মিলিয়ে একটি গান। আরও আছে লালন আর সলিল চৌধুরীর গান। নতুন করে পাওয়া অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। বছর দুয়েক আগে কয়্যার বাংলা দলটির নাম ছিল কয়্যার থার্টি ওয়ান। তখন গানের এই দলটির সদস্যসংখ্যা ছিল ৩১। এখন আছেন ১৬ জন। তাই দলটির নাম পাল্টে গেছে বলেই জানিয়েছেন দলটির প্রধান সংগীতশিল্পী সজীব। কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মদিন উপলক্ষে কয়্যার বাংলার অ্যালবাম ‘নতুন করে পাওয়া’। কাজী নজরুল ইসলামসহ অ্যালবামে গান থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাঁই, সলিল চৌধুরীর। সংগীত পরিচালনা করেছেন তানভীর আলম সজীব।
একদা তুমি প্রিয়ে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে কণ্ঠশিল্পী পারমিতা প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত নিয়ে নিজের প্রথম একক অ্যালবাম ‘একদা তুমি প্রিয়ে’। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। ১০টি রবীন্দ্রসংগীত নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম ‘অমল ধবল পালে লেগেছে’, ‘একদা তুমি প্রিয়ে’, ‘আমার ভাঙ্গা পথের রাঙা ধুলোয়’, ‘মধুগন্ধে ভরা’, ‘শ্রান্ত কেন ওহে পান্থ’, ‘আমার মল্লিকা বনে’, ‘মধুরও ধ্বনি বাজে’, ‘আর নাইরে বেলা’, ‘দিবস রজনী’ ও ‘মনে কি দ্বিধা’। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। উল্লেখ্য, রবীন্দ্রসংগীতশিল্পী পারমিতা লোকসংগীত ব্যক্তিত্ব রাম কানাই দাসের নাতনি। যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই স্থায়ীভাবে সংগীত করছেন এই গায়িকা।
কান পেতে রই
লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কণ্ঠশিল্পী কামাল আহমেদ ও প্রিয়াংকা গোপের রবীন্দ্রসংগীতের দ্বৈত অডিও অ্যালবাম ‘কান পেতে রই।’ উল্লেখ্য, অ্যালবামটিতে রবীন্দ্রনাথের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—‘যদি জানতেম’, ‘আমার কিসের ব্যথা’, ‘আমার মন জানে না’, ‘ঘরেতে ভ্রমর এলো’, ‘আমি কান পেতে রই’, ‘সেদিন দুজনে’ ইত্যাদি। শিল্পী কামাল আহমেদ রবীন্দ্র-চেতনা ও প্রত্যাশাকে হূদয়ে ধারণ করে কণ্ঠে তুলে নিয়েছেন রবীন্দ্রসংগীত। ছোটবেলা হতেই তার সংগীতের সাথে সখ্য গড়ে উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথে তিনি ‘ছায়ানট’-এ ভর্তি হন। যুক্ত হন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল’-এর সাথে। কাজ করেন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে।