শেয়ারবাজারের সূচক বেড়েছে আড়াই শতাংশ
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২০:০৫
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ কার্যকর করতে পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে। এতে বাংলাদেশ ব্যাংক তিন ধাপে ৯০০ কোটি টাকা জোগান দিবে বলে জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার প্রাক বাজেট সংক্রান্ত এক বৈঠকে শেয়ারবাজার নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এসবের প্রেক্ষিতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে আড়াই শতাংশের উপরে। একই সঙ্গে বেড়েছে লেনদেনও।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান গতকাল ইত্তেফাক’কে বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে ঋণ দেয়ার জন্য পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে। এটা বাজারের জন্য ইতিবাচক। তহবিলের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে আল মারুফ খান বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদেরকে ঋণ দিয়ে নিজেরাই আটকে গেছে। অনেকে ঋণ শ্রেণিকরণের আওতায় পড়ে গেছে। তাছাড়া শেয়ারের দর কমতে কমতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রায় ৯ লাখ ১৭ হাজার অ্যাকাউন্টে লেনদেন করা বন্ধ হয়ে গেছে। তহবিল গঠনের মাধ্যমে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে ঋণ দেয়া হলে এ অ্যাকাউন্টগুলোতে লেনদেন শুরু হতে পারে। যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি এম এ হাফিজ এ প্রসঙ্গে বলেন, পুনঃঅর্থায়নযোগ্য তহবিল দেয়ার মাধ্যমে প্রথমবারের মতো সরকার সরাসরি বাজারে তহবিল দিল। বাজারের প্রতি সরকারের এ ধরনের পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা অর্জনে প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, দেরিতে হলেও সরকার শেয়ারবাজারকে গুরুত্ব দিয়েছে। এ ধরনের পদক্ষেপ আরও আগেই নেয়া প্রয়োজন ছিল। তিনি বলেন, অব্যাহতভাবে শেয়ারের দরপতনের ফলে যেসব অ্যাকউন্টে কার্যত লেনদেন বন্ধ রয়েছে তহবিলের ফলে ওই অ্যাকাউন্টগুলোতে লেনদেন শুরু হতে পারে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১০৫পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৯৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৬৯টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজেটকে কেন্দ্র করে এবং পুনঃঅর্থায়ন তহবিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হওয়ায় তিনদিন ধরে বাজারে সূচক বাড়ছে। তাছাড়া অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সাথে ডিএসই ও সিএসই’র বৈঠকেও আশার সঞ্চার হয়েছে। এতে গতকাল সব খাতের শেয়ারের লেনদেন হয়েছে আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। দাম বাড়ার শীর্ষে ছিল জীবনবীমা খাতের কোম্পানিগুলো। এ খাতের শেয়ারের দাম আগের দিনের তুলনায় প্রায় ৩ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এরপরই ছিল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলো। আর লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি ও ব্যাংকিং সেক্টর। মিউচুয়াল ফান্ডের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল লক্ষ্যণীয়।