সিরিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সোমবারের বৈঠকে সিরিয়ার ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের পর সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সাহায্য দেয়ায় কোন বাধা থাকছে না। অন্যদিকে সিরিয়া সরকারের সাথে আগে থেকে চুক্তি রয়েছে দাবি করে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে রাশিয়া। আর বহিঃবিশ্বে সিরিয়া সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি গঠনে কার্যকরি ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় সিরিয়ার বিরোধী জোটের তীব্র সমালোচনা করেছে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীরা। সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে নাকি নতুন করে আবারো নবায়ন করা হবে তা নিয়ে ইউ’র বৈঠকে তীব্র বাক-বিতণ্ডা হয়। সুইডেন ও নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা নতুন করে নবায়ন না করার সিদ্ধান্তের বিরোধিতা করে। তবে ব্রিটেন এবং ফ্রান্স চাচ্ছিল যাতে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা না হয়। সিদ্ধান্ত নবায়ন না করার মধ্য দিয়ে মূলত বাশার আল আসাদ সরকারের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করতে চেয়েছে ইউ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও এখনি তারা বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠাচ্ছে না। হেগ বলেন, সিরিয়ায় অস্ত্র পাঠানোর কোন পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেই। আমরা সিরিয়ার আসাদ সরকারকে একটা শক্ত ইঙ্গিত দিতে চাই। আর সেটা হলো তাদের একটা রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। আমরা অন্য সব রাষ্ট্রের সঙ্গে মিলে এবং আন্তর্জাতিক আইন-কানুন মেনেই কেবল অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেব। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। তারা আশা করছে, এর ফলে প্রেসিডেন্ট আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখন তারা আরো আধুনিক এবং ভারি অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে পারবে। শান্তি আলোচনা হুমকিতে পড়বে:রাশিয়া ইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন না করায় আগামী মাসে জেনেভায় প্রস্তাবিত শান্তি আলোচনা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে রাশিয়া। সিরিয়া সরকারের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির পক্ষেও শক্ত যুক্তি তুলে ধরেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার চুক্তি কয়েক বছর আগেই সই হয়েছে। এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তা সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠাসহ বিদেশি শক্তির হস্তক্ষেপ রুখতে সহায়ক হবে। অন্যদিকে বিদ্রোহীদের কাছে ইউ’র অস্ত্র দেয়ার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মত প্রকাশ করেন তিনি। রাশিয়ার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিরিয়ায় পাঠালে ইসরায়েল তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বেশ কয়েকটি প্রচেষ্টা এ পর্যন্ত প্রতিহত করে এসেছে রাশিয়া। এদিকে সিরিয়ার বিরোধী জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিপ্লবী আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলছে, সারা বিশ্ব যেখানে যুদ্ধরত বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিচ্ছে সেখানে সিরিয়ার বিরোধী জোট অনেকটাই ব্যর্থ। তারা বাশার আল আসাদের বিপক্ষে বহিঃবিশ্বে জনমত গড়ে তুলতে পারছে না।