ভেজাল খাদ্য তৈরি, মজুদ ও বাজারে টানানো সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির অপরাধে রাজধানীর চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পুলিশ ও র্যাবের পৃথক ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কামরাঙ্গীরচর, বেইলি রোড ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এই চার প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, কামরাঙ্গীরচরে আশ্রাফাবাদ এলাকার হাবিবা ফুড প্রোডাক্টসে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির সেমাই। সেমাই তৈরির কারখানার উপরে টিনের চাল। চালে ধুলা-ময়লার কুণ্ডলি। চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ। এসব সেমাই প্যাকেজিং হয়ে ছড়িয়ে পড়ছে সারাদেশে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত এ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে। গত বছরও এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছিল। এছাড়াও ওই এলাকার সোনিয়া কনজ্যুমার গুডস কারখানা সিলগালা ও কাদের ফুড প্রোডাক্টস থেকে সাড়ে তিন হাজার কার্টন আইসক্রিম জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, খাদ্যে ভেজাল, পচা-বাসি খাবার বিক্রির অপরাধে বেইলি রোডের ফিস কেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নিউমার্কেট এলাকায় টানানো সরকার নির্ধারিত ৪৮ টাকার মূল্যের বেগুন ৭০ টাকায় বিক্রি করার অপরাধে হাবিব নামের একটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রং মেশানো মেয়াদোর্ত্তীণ খাবার বিক্রির অপরাধে আল্লাহর দান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।