বাঙালির যাত্রা হোক বিশ্বমুখি, ভবিষ্যতের পানে
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:০৭
ভবিষ্যত্ দ্রষ্টা বলে একটা শব্দ, ভবিষ্যত্ বলে যে একটি ভাবনা, তার কোনটাই অবশিষ্ট আছে বলে মনে হয় না। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ায় থাকা ও ঘুরে বেড়ানোর মধ্যে স্বস্তি আছে, কিছু অর্থে নিরাপত্তা আছে প্রায় শতভাগ। কিন্তু জীবনকে যাচাই বা জীবনকে দেখতে হলে ভবিষ্যত্মুখি দেশের দিকে তাকানোর বিকল্প নেই। আমাদের কবি রবীন্দ্রনাথ নোবেল জয়ীর ভাষণে বলেছিলেন সভ্যতা ইউরোপের দান, সে যা দেয়ার দিয়ে দিয়েছে, এখন প্রাচ্যের পালা। প্রাচ্য ও পৃথিবীর অন্য প্রান্তের পিছিয়ে পড়া দেশ ও সমাজের উত্থানের জন্য ব্যাকুল প্রার্থনা ছিল তাঁর। শুধু তিনি বললে ভুল হবে, উপমহাদেশের দার্শনিক, রাজনীতিবিদ সবারই ধারণা ছিল একদিন প্রাচ্যেই সূচনা হবে নব অগ্রগতির। নেহেরু, মওলানা আজাদ, ঋষি অরবিন্দ, এমনকি বঙ্গবন্ধু পর্যন্ত সে ভরসা জেগেছিল। কিন্তু এখন সে স্বপ্ন অন্য দেশের বেলায় সত্য হলেও আমাদের জন্য অলীক বা সুদূরপরাহত মনে হওয়াটাই স্বাভাবিক। দু’বছর আগে কম্বোডিয়া ও মালয়েশিয়া ঘুরে এসেছিলাম। কম্বোডিয়া ও ভিয়েতনামের উন্নতি বা অগ্রগতির মূল পার্টনার এখন যুক্তরাষ্ট্র। যে দেশের বিরুদ্ধে যুদ্ধ, সংগ্রাম এমনকি প্রাণ বিসর্জন দিয়ে ইতিহাস রচনা সে দেশের মাঝে তাঁদের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক এখন মধুর। কম্বোডিয়ার দ্বিতীয় শহর সিয়াম রিপে’র এটিএম থেকেও ফর ফর করে আমেরিকান ডলার বের হয়। মফস্বলের এটিএমেও দুটো অপশন, কোন অর্থ বা মুদ্রা চান? কম্বোডিয়ান না মার্কিন ডলার? যে দেশ আমেরিকার আধিপত্য ও বাণিজ্যিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে, বোমা গ্রেনেড পোড়া মাটির নীতি সহ্য করেছে তার এই আচরণের নাম কি দাসত্ব? না আত্মসমর্পণ? এ প্রশ্নের উত্তর খোঁজাও ছিল আমার ভ্রমণের আংশিক উদ্দেশ্য। সে দেশের মানুষ ও জীবনের সাথে পরিচিত হয়ে আমার তা মনে হয়নি। তাঁরা এখনো মার্কিন পররাষ্ট্রনীতি, আগ্রাসন আর পুঁজিবাদী মনোভাবের ঘোরবিরোধী, কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার জন্য পরিবর্তিত দুনিয়ার সাথে সমঝোতা করে পথ চলছে। আশ্চর্য হয়েছিলাম নেতৃত্বের দূরদর্শিতায়। পার্থক্যটা দেখুন, নেপাল ভ্রমণেরও সুযোগ হয়েছে আমার। ভাগ্যক্রমে মন্ত্রী দর্শনও। সে দেশে গণমানুষের উত্থান বা সচেতনতা যাই বলি না কেন, দুটো কাজ তাঁরা করতে পেরেছেন, একটি রাজা জ্ঞানেন্দ্র’র মত ক্ষমতালোভী ‘নর নারায়ণ’দের রাজত্বের অবসান, অন্যটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাঠামোর প্রচলন। বাকী জায়গায় নেপালীরা ‘মাওবাদ’ নাম দিয়ে সংগ্রামতে ক্ষমতায় আসলেও তাঁরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন। যদিও আমাদের সাথে তুলনা চলে না, তবু বলব নেপালীরাও অতীতমুখি, দূর-অতীতে ইংরেজ রুখতে পারার স্বদেশি বা গেরিলা যোদ্ধার গৌরবে লাভ-ক্ষতির অংকটা মিলিয়ে দেখলে অবশ্য এই গৌরব মিলিয়ে যেতো। ইংরেজরা ভারত তথা উপমহাদেশের রেলপথ, বিমান ও যোগাযোগে যেটুকু অবদান রেখে গিয়েছেন, স্বাধীন ভারত বা বাংলাদেশ তারপর এক পাও অগ্রসর হতে পারেনি, অন্যদিকে পর্বতবেষ্টিত নেপালের আমজনতা ইহজীবনে ট্রেন বা রেলওয়ের মুখদর্শন বঞ্চিত রইল। আমি আগ্রাসন বা উপনিবেশের পক্ষে বলছি না, যে কোন স্বাধীনতা বা দমনই নিন্দনীয় বা ঘৃণার। কিন্তু অতীত অতীতই, যা ঘটে গেছে বা যা ইতিহাস তা থেকে শিক্ষা নেয়া ব্যতীত তা নিয়ে মাথা ব্যথার আসলেই কোন কারণ নেই। গোড়াতে যা বলছিলাম ভবিষ্যত্ দ্রষ্টা মানুষ বা দার্শনিকরা কখনো অতীতে ফিরে যেতে বলেননি। প্রাচ্যের উত্থানের জন্য সামনে যেতে আদেশ বা নির্দেশনা দিয়েছিলেন তাঁরা।
আমাদের দেশটিও যাত্রা শুরু করেছিল, জন্মলগ্ন থেকে বিপ্লব আর দ্রোহের আগুনে সুন্দর অথচ রক্তাক্ত এই দেশ সম্ভাবনা থাকার পরও তেমনভাবে এগুতে পারেনি। অপরাজনীতি, ক্ষমতা দখলের উচ্চাশায় নেতৃত্ব তাকে এগুতে দেয়নি। কিন্তু বিশ্বায়নের নতুন ধারায় দুনিয়া যখন উন্মুক্ত, বাধা যখন তুচ্ছ, বাংলাদেশও মেধাশ্রমে এগুতে শুরু করেছিল। সে অগ্রযাত্রা থেমে যায়নি, থামবেও না হয়তো; কিন্তু অতীত তাকে আবারো এগুতে দিচ্ছে না। সে অতীতেরও দুই চেহারা; একটি দানবীয়, অন্যটি অতীতকে ঘিরে হিংসা-উন্মত্ততার। পাপ-পুণ্য, স্বর্গ-নরকে বিশ্বাসী বলে পরিচিত সহজ জীবনের বাংলাদেশে এত হিংস্রতা, রক্তপাত, মৃত্যু আগে দেখা যায়নি, গ্লানি, অপরাধ, যুদ্ধাপরাধ মোচনের দায়িত্ব যেমন অনিবার্য, তেমনি সত্য জাতির ঐক্য আর ভালোবাসাকে সমুন্নত রাখা, আবারো কম্বোডিয়া, ভিয়েতনাম, চিলি বা এ জাতীয় দেশগুলোর কথা চলে আসছে, এঁরা কি ম্যাজিক জানে? এরা কি অলৌকিক কিছুর বলে সে অসাধ্য সাধন করেছে? শুধু নেতৃত্ব আর ভবিষ্যত্ দ্রষ্টা মানুষের কারণেই সম্ভব হয়েছে অতীতকে মাটি চাপা দিয়ে দেশ গঠনে এগিয়ে যাবার ঐক্য বা সমন্বিত প্রচেষ্টা, ধর্মভিত্তিক রাজনীতি ও অতীতের ক্ষোভ এবং ভূমিকা ত্যাগ না করার মানসিকতায় আমরা তা পারছি না। এ দুই বিষয়ে পুনর্বাসন প্রক্রিয়ার বিকল্প নেই। ধর্ম ও রাজনীতি বিষয়ে জাতীয় মতৈক্য জরুরি, জরুরি যার যার অবস্থান থেকে এ বিষয়ে দায়িত্ব নেয়ার ও অন্যদিকে মুক্তিযুদ্ধে বিজয়ীরা যেন বিজিতের মত আচরণ না করেন। কথায় কথায় এদেশ আমাদের, এদেশ তাদের নয় বা অন্য কারো নয়, এভাবে খেদ বা রাগ জাহিরের নাম দেশপ্রেম নয়। দেশ সকলের। যারা ভুল করেছে তাদের মধ্যে যারা সে ভুল অস্বীকার করে দেশ ও জাতির ক্ষতি সাধনে ব্যস্ত তাদের বাদ দিয়ে বাকিদের সাথে মেলবন্ধন রচনাই ভবিষ্যত্। সবাইকে এটা বুঝতে হবে, আমরা আর একাত্তরে ফিরে যাবো না। আমাদের যাত্রা নতুন শতকের দিকে। অতীত বা মুক্তিযুদ্ধ সেখানে শক্তি যোগানো ছাড়া আর কোন দায়িত্ব থাকবে না। তেমনি উগ্রদেরও বুঝতে হবে এ দেশ ও মাটির সংস্কৃতি জীবনে বেঁচে বাঙালি, বাংলাদেশি হওয়াই গৌরবের না হলে পৃথিবীও ঠাঁই দেবে না। ভবিষ্যত্ই আমাদের লক্ষ্য, হানাহানি বা মারামারি নয় মুখ তুলে দাঁড়াবার কালে দেশের ক্ষতি সময় কোনদিনও ক্ষমা করবে না।
(সিডনি থেকে)