সুন্দরগঞ্জে নিজের ঠিকানা পেল সাত শতাধিক ছিন্নমূল মানুষ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:০৮
উপজেলার রামডাকুয়া ও লাটশালার চরে সরকারিভাবে নির্মিত গুচ্ছগ্রামে ১১০ পরিবারের ৭ শতাধিক হতদরিদ্র গৃহহারা মানুষ মাথা গোঁজার ঠাঁই খুেঁজ পেয়েছে।
জানা গেছে, তিস্তা নদীর করাল গ্রাসে ভিটে মাটিহারা এ সকল মানুষের বাসযোগ্য নিরাপদ কোন ঠাঁই না থাকায় ভবঘুরে আর ভ্রাম্যমাণ জীবন ছিল তাদের নিত্যসঙ্গী। সরকারি ভাবে তাদের পুনর্বাসনের জন্য ইউএনও আহসান হাবিব সরকারের দৃষ্টি আর্কষণ করলে ২০১২-২০১৩ অর্থ বছরে ভূমি মন্ত্রণালয় বেলকার রামডাকুয়া ও তারাপুরের লাটশালার চরে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য ১ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৩শ’ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দকৃত অর্থ পেয়ে ইউএনও নিজে সভাপতি হয়ে প্রকল্প কাজ শুরু করেন। নির্মিত হয় গুচ্ছগ্রামটি। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় থাকলেও গৃহহীন ১১০টি পরিবারের ৭ শতাধিক মানুষ ইতিমধ্যে ঘরে আশ্রয় নিয়েছে। ইউএনও আহসান হাবিব ও পিআইও জহিরুল ইসলাম জানান, আর সামান্য কিছু ঘর দিতে পারলেই ওই অঞ্চলে গৃহহীন কেউ থাকতো না বলে আমাদের বিশ্বাস। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে তারা জানান।
এদিকে উপজেলার খাদ্য গুদামে সরকারি ভাবে ধান-চাল ক্রয় শুরু হয়েছে। গতকাল বুধবার ধান-চাল ক্রয় শুরুর সময় উপস্থিত ইউএনও আহসান হাবিব। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ করিম, পিআইও জহিরুল ইসলাম, চালকল মালিক সমিতির শাহাদত্ হোসেন আনন্দ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ, চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ, জহরুল হক সরদার।